প্রতিবছর ইলিশ এক সময়ে আসবে, তা বলা যায় না: আনিছুর রহমান

প্রতিবছর ইলিশ এক সময়ে আসবে, তা বলা যায় না: আনিছুর রহমান
সাগরে ইলিশ আসছে। এবার বেশ দেরি করেই এল পানির এই রুপালি ‘শস্য’। ইলিশের মৌসুমের পরিবর্তন, নদীতে কম মাছ, ইলিশের জন্য সরকারি নিষেধাজ্ঞার কার্যকারিতা, প্রজননক্ষেত্রে দূষণসহ নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র চাঁদপুরের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিছুর রহমান। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা।

ইলিশ–গবেষক মো. আনিছুর রহমান
ছবি: সংগৃহীত
প্রশ্ন

আগস্টের মাঝামাঝি সময়ের পরে এসে সাগরে ইলিশের দেখা মিলছে। ইলিশ এত দেরিতে আসছে কেন?

আনিছুর রহমান: ইলিশ যে প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে আসবে, এমন কোনো কথা নেই। একটু আগে-পরে হতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন এবং এর ফলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশ্বের অন্য অঞ্চলের মতো আমাদের এখানেও আছে। প্রকৃতিতে তাপমাত্রার পরিবর্তন হলে প্রাণীর ওপরই পড়বে। ইলিশ এটি প্রাণী, তার ওপর এর প্রভাব স্বাভাবিক। এবার বৃষ্টি কম হয়েছে এবং দেরিতে হয়েছে। এটা এ জন্যই সংগত যে ইলিশ দেরিতে এসেছে। মাঝে একটু হতাশার কথা শোনা গেছে। কিন্তু সেটি কেটে গেছে।

প্রশ্ন

অনেকেই বলছে, নদীতে আর ভালো ইলিশ মিলছে না। এর পেছনে কারণ কী?

আনিছুর রহমান: এখন কিন্তু অপেক্ষাকৃত বড় ইলিশ আসছে আগের চেয়ে। ইলিশ আরও সুষম হয়ে আসছে। সুষম বলতে বোঝাচ্ছি, এটা ঝাঁকে সব বয়সের ইলিশ পাওয়া যাচ্ছে। কিন্তু এর মধ্যে বড় আকারের ইলিশ বেশি আসছে। এটা ভালো দিক। নদীতে আসছেই না, এমন কথা বলা হচ্ছে। নদী নাব্যতার তীব্র একটা সংকটে ভুগছে। খাওয়াদাওয়া ও প্রজনন—এ দুই উদ্দেশ্যকে সামনে নিয়ে ইলিশ সাগর থেকে নদীতে যাতায়াত করে। এখন প্রচুর চর বা ডুবোচর তাদের এই ভ্রমণের পথে বাধা সৃষ্টি করছে। অবৈধ জালের বাধা আছে—কারেন্ট জালসহ। এর পাশাপাশি দূষণও আছে। এর মধ্যে আবহাওয়াগত পরিবর্তনের প্রভাব আছে। বৃষ্টি প্রচুর হলে চর বা ডুবোচর বাধার সৃষ্টিকারী হিসেবে থাকবে না। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। অনেক জায়গায় বালু তোলা হচ্ছে ব্যাপকভাবে। ইলিশের চলাচলের পথে বিঘ্ন কাটাতে হবে।

প্রশ্ন

আমরা দেখছি যে সরকারি নিষেধাজ্ঞার সময়ে বেশ কড়াকড়ি আরোপ করা হয়। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে বলে দাবি করা হচ্ছে সরকারের তরফ থেকে। নিষেধাজ্ঞার সময়ে সরকারি তৎপরতার কোনো দুর্বলতা আছে?

আনিছুর রহমান: আমাদের এখানে তিন দফায় নিষেধাজ্ঞা থাকে। তিন দশকের বেশি সময় ধরে আমরা গবেষণা করে এই নিষেধাজ্ঞার সময় বের করেছি। এটা কার্যকর। এর মধ্যে অক্টোবরের অমাবস্যা–পূর্ণিমা ধরে ২২ দিন। এ সময় মা মাছের ডিম ছাড়ার সুযোগ দেওয়া হয়। এরপর বাচ্চা হলে তার সুরক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা থাকে। মাছের বৃদ্ধির জন্য ২০ মে থেকে ২৩ জুলাই আবার এক দফায় সাগরে নিষেধাজ্ঞা থাকে। এই তিন দফা কার্যকর বলে প্রমাণিত। এখন আমরা যে সাফল্য পাচ্ছি, তা এই নিষেধাজ্ঞার ফল। এর পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে একটা সমস্যা আছে। আমাদের এখানে ২০ মে থেকে ২৩ জুলাই নিষেধাজ্ঞা থাকে। কিন্তু ভারতে এর মেয়াদ ১৫ জুন। আমাদের জেলেরা পেটে পাথর বেঁধে এ সময় কষ্ট করে। কিন্তু ভারতের অসাধু মৎস্যজীবীরা আমাদের জলসীমায় ঢুকে পড়ে, তারা মাছ ধরে নিয়ে যায়। তারা জানে না কোন অঞ্চলের জলসীমায় যাচ্ছে। এ সমস্যা সমাধানে ত্রিদেশীয় আলোচনা দরকার বলে আমি মনে করি। এতে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার থাকবে। বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের আলোচনা দরকার।

প্রশ্ন

আমাদের ইলিশ উৎপাদন ফি বছর বাড়লেও প্রবৃদ্ধির হারটা বেশ কম। এটা কেন ঘটছে?

আনিছুর রহমান: প্রবৃদ্ধির বিষয়টি ভিন্ন। ইলিশ যে সাগর ও নদী থেকে উঠে আসছে, এই ‘ফসল’ সব সময় একই হারে আসবে না। মোট উৎপাদন কিন্তু কমছে না। কেউ যদি মনে করে, প্রতিবছর আগের বছরের চেয়ে বেশি আসবে, সেটা ঠিক নয়। এটি একটি নবায়নযোগ্য সম্পদ আমাদের দেশের। আমরা সৌভাগ্যবান, এমন জলসীমা আমরা পেয়েছি। খনির সম্পদ শেষ হয়, কিন্তু ইলিশ নিঃশেষ হবে না। আমরা গবেষণায় দেখেছি, সর্বোচ্চ উৎপাদনসীমা ৭ লাখ ২ হাজার টন। এখন আমরা প্রতিবছর সাড়ে পাঁচ লাখ টনের মতো করে ইলিশ পাচ্ছি। গাছ ঠিক রেখে ফল খেতে হয়। আমরা যে কিছুটা রেখে দিচ্ছি, এটা পরের বছরের জন্য নতুন করে ‘ফসল’ হিসেব পাব।

প্রশ্ন

এ বছর ইলিশ মৌসুম কেমন হতে পারে বলে আপনার ধারণা?

আনিছুর রহমান: এবার ইলিশ ভালো হবে। এবার যদি গতবারের চেয়ে না–ও বাড়ে, তাতেও শঙ্কিত হওয়ার কোনো কারণ দেখি না। কারণ, এটা পরের বছর ভালো উৎপাদন পাব। মূল কথা ঠিক রাখতে হবে।

প্রশ্ন

ইলিশের প্রজননক্ষেত্রে বা বিচরণক্ষেত্রে দূষণ ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। কোন কোন এলাকায় দূষণ করছে এবং এটা প্রতিরোধে কী করা উচিত?

আনিছুর রহমান: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কাছে আমরা অসহায়। কিন্তু আমাদের এখানে মানবসৃষ্ট যে সমস্যা হচ্ছে, সেগুলো তো আমরা বন্ধ করতে পারি। মানুষ সচেতন হলে অনেক কিছুই হতে পারে। এর পাশাপাশি আইনি প্রক্রিয়াও ঠিক রাখতে হবে।

প্রশ্ন

ইলিশের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আপনার পরামর্শ কী?

আনিছুর রহমান: প্রকৃতি প্রকৃতির মতো যাবে। এর ওপর যদি সহিংস হই, তবে প্রকৃতি আমাদের ওপর প্রতিশোধ নেবে। বৃষ্টিবাদল কমে যাচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে। এসব বিষয় মাথায় রাখতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধিতে এসব বাধা কাটানোর পাশাপাশি দরকার নিরন্তর গবেষণা। দূষণ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়—অর্থাৎ আন্তমন্ত্রণালয় একটু উদ্যোগ দরকার। পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তির বিষয়টিও মাথায় রাখতে হবে। এক রাষ্ট্রে এই আইনে ইলিশ ধরার সময় আলাদা, এটা হতে পারে না। আর এর পাশাপাশি দরকার প্রশিক্ষণ। মৎস্যসম্পদ সুরক্ষায় নিরন্তর গবেষণার পাশাপাশি সুদক্ষ বাহিনী গড়ে তুলতে হবে।