শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনার প্রস্তুতি কর্মশালায় অংশগ্রহণকারীরা। দেশের ৬৪ জেলার প্রথম আলোর প্রতিনিধি এবং সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে থাকা বন্ধুসভার সদস্যরা এই কর্মশালায় অংশ নেন। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে
শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনার প্রস্তুতি কর্মশালায় অংশগ্রহণকারীরা। দেশের ৬৪ জেলার প্রথম আলোর প্রতিনিধি এবং সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে থাকা বন্ধুসভার সদস্যরা এই কর্মশালায় অংশ নেন। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনার প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত

সদ্য কৈশোর পেরোনো একঝাঁক মুখ। সঙ্গে তাদের অভিভাবক, শিক্ষক ও গুণীজন। এমন অতিথিদের নিয়ে এবারও শুরু হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’।

১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের ফয়’স লেকে শুরু হচ্ছে এবারের জিপিএ–৫ উৎসব। সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ বছর সংবর্ধনা দেওয়া হবে। অংশ নেবে প্রায় এক লাখ শিক্ষার্থী।

তরুণ্যের এই আয়োজনকে কীভাবে প্রাণবন্ত করে তোলা যায়, সেটা নিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা। দেশের ৬৪ জেলার প্রথম আলোর প্রতিনিধি এবং সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে থাকা বন্ধুসভার সদস্যরা এই কর্মশালায় অংশ নেন। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান যাতে তরুণদের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক গভীর করার প্রয়াস হয়, কর্মশালায় সে কথা বলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, আয়োজনটি হতে হবে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও মানসম্মত।

সংবর্ধনায় শুধু পুরস্কার দেওয়া নয়, ইতিবাচক কাজে তরুণদের উৎসাহিত করা, জ্ঞানচর্চায় আগ্রহী করার বিষয়েও গুরুত্ব দিতে হবে বলে জানান সাজ্জাদ শরিফ। ছোট ছোট উদ্যোগ যাতে সমাজের ছিন্নবন্ধন জোড়া লাগানোর কাজ করে, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।

কর্মশালায় সংবর্ধনা অনুষ্ঠানকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তোলার নানা দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের সঙ্গে কীভাবে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ তৈরি করা যায়, উপস্থাপনায় কীভাবে তাঁদের সম্পৃক্ত রাখা যায়—এসব বিষয়েও দেওয়া হয় প্রয়োজনীয় দিকনির্দেশনা। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সুন্দরভাবে পরিচালনার কৌশল নিয়েও আলোচনা করা হয়।

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনার প্রস্তুতি কর্মশালায় বক্তব্য দিচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর শুভাশীষ ভৌমিক। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু ও দ্রুত শেষ করার বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, অনুষ্ঠানের সময়সূচি আগে থেকেই স্পষ্ট করে দেওয়া উচিত। দীর্ঘ বক্তৃতায় দর্শকের মনোযোগ নষ্ট হয়। তাই বক্তাদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে।

পরিস্থিতি বুঝে উপস্থাপনায় পরিবর্তন আনার কথা বলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। অনুষ্ঠানের সাফল্য অনেকটাই দর্শকদের সঙ্গে সংযোগ তৈরির ওপর নির্ভর করে বলেন তিনি। তিনি বলেন, কম কথা বলে বেশি শুনতে হবে, শিক্ষার্থী-অভিভাবকদের সম্মান দিতে হবে এবং আনন্দের পরিবেশ তৈরি করতে মজার প্রশ্ন, গল্প ও ছোট ছোট খেলায় শিক্ষার্থীদের যুক্ত রাখতে হবে। যারা জিপিএ-৫ পায়নি, তাদেরও গুরুত্ব দিতে হবে বলেন তিনি।

উপস্থাপনাকে আরও প্রাণবন্ত করার নানা পরামর্শ দেন কনটেন্ট ক্রিয়েটর শুভাশীষ ভৌমিক। তিনি বলেন, সফল অনুষ্ঠান পরিচালনায় একটি কার্যকর কাঠামো অনুসরণ জরুরি। উপস্থাপককে অনুষ্ঠানের উদ্দীপনা, মনোযোগ ও অংশগ্রহণ ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি। প্রশ্ন, খেলাধুলা ও হাস্যরসের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখার জন্য তিনি উপস্থাপকদের পরামর্শ দেন।

শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতির গল্প কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রতিনিধিদের পরামর্শ দেন প্রথম আলোর বিশাল বাংলার প্রধান ইমাম হোসেন সাঈদ।

কর্মশালার শুরুতে প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান সংবর্ধনা আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনার প্রস্তুতি কর্মশালায় অংশগ্রহণকারীরা। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে

প্রথম আলোর ইভেন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুনের সঞ্চালনায় কর্মশালায় অংশ নিয়ে বন্ধুদের সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য অনুপ্রেরণা জোগান বন্ধুসভার সভাপতি জাফর সাদিক। বন্ধুসভার নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক এতে অংশ নেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ দেন প্রথম আলোর প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির।

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হয়েছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬।

আয়োজনটির সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, জিংক বি, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।