
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার’ শীর্ষক জাতীয় পর্যায়ের গবেষণা নিয়ে সেমিনার হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেমিনারে ‘বাংলাদেশে জলবায়ু স্মার্ট অ্যাগ্রিকালচারের কার্যকারিতা মূল্যায়ন’ প্রকল্পের প্রধান তদন্তকারী মো. জাকারিয়া তাঁর গবেষণার ফলাফল উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের পাঁচটি ভৌতিক অঞ্চল চর, হাওর, প্লাবনভূমি, উপকূলীয় অঞ্চল ও পার্বত্য অঞ্চলে উদ্ভাবনী জলবায়ু স্মার্ট অনুশীলন এবং কৌশলগুলোর গবেষণা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
কৃষি খাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মূল্যবান চিন্তা জানান সাবের হোসেন চৌধুরী। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। অধ্যাপক আতিকুল ইসলাম খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু সহনশীল কৃষিপদ্ধতির গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জাতীয় পরিচালক সুরেশ বার্টলেট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জ্যেষ্ঠ অপারেশনস পরিচালক চন্দন জেড গোমেজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, এ আর মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, রেসিলিয়েন্ট লাইভলিহুডসের প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভূঁইয়া, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এবং এনএসইউয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন হাসান মাহমুদ রেজা।