
কলকাতা থেকে ঢাকায় আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিমানটিতে যাত্রী ছিলেন ৭২ জন। উড্ডয়নের সময়ই বিমানের একটি চাকা ফেটে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু শেষ পর্যন্ত যাত্রীদের সবাই ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে পেরেছেন।
ঘটনাটি আজ সোমবার সকালের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–৩৯২ ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে। কলকাতার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়ন করে। পরে ঢাকায় সকাল ১০টা ৩ মিনিটে সেটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের সবাই নিরাপদে ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, উড়োজাহাজটি ড্যাশ ৮-৪০০ মডেলের। এর পেছনের ডান পাশের চাকার টায়ার ফেটে যায়। উড়োজাহাজটি অবতরণের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।