হত্যা
হত্যা

পাহাড়ে হত্যাকাণ্ড

১৪ জনকে খুনে জড়িতদের খুঁজেই পেল না পুলিশ

সাড়ে চার বছরের মধ্যে ছয়টি আলোচিত হত্যা মামলার তিনটিতেই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

দুই বছর আগের রক্তাক্ত দুপুরের স্মৃতি এখনো ভুলতে পারেননি বান্দরবানের রাজবিলা ইউনিয়নের বাঘমারা পাহাড়ি এলাকার বাসিন্দারা। একটি ঘরের আঙিনায় ঢুকে এলোপাতাড়ি গুলি করে ছয়জনকে হত্যা করা হয়েছিল। ছয়জনই ছিলেন জেএসএস-এমএন লারমা দলের বান্দরবান জেলার নেতা। অথচ বড় এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

২০২০ সালের ৭ জুলাই ঘটনার পর দলটির বান্দরবানের সাধারণ সম্পাদক উবাহ মং মারমা ১০ জনকে আসামি করে মামলা করেছিলেন। মামলাটি প্রথমে থানা-পুলিশ তদন্ত করে। এরপর তদন্তভার পায় জেলা গোয়েন্দা পুলিশ। তারাও কিছুই পায়নি। চলতি বছরের ৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় গোয়েন্দা পুলিশ। চূড়ান্ত প্রতিবেদনের অর্থ হলো, ঘটনা সত্য হলেও এ-সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ ধরনের মানসিকতা কাজ করে যে বিষয়টি পাহাড়ি-পাহাড়ি ঝামেলা। যার কারণে সাক্ষ্য-প্রমাণ, আসামি খুঁজে পাওয়া যায় না। তবে এটা ঠিক, অনেকে অভিযোগ করতে চান না।
গৌতম দেওয়ান, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সাড়ে চার বছরের মধ্যে ঘটে যাওয়া ছয়টি আলোচিত হত্যাকাণ্ডের তিনটিতেই পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। বান্দরবানের রাজবিলা ছাড়া অন্য যে ২টি হত্যা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সেগুলো হলো, ২০১৮ সালের ৩ জানুয়ারি খাগড়াছড়ি সদরে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যা এবং একই বছরের ১৮ আগস্ট খাগড়াছড়ির স্বনির্ভর বাজারের ৭ ইউপিডিএফ নেতা-কর্মী হত্যা মামলা। পুলিশের দাবি, সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা পার পেয়ে যাবেন। পাশাপাশি হত্যার শিকার ব্যক্তিদের স্বজনেরাও বিচার পাবেন না। জবাবদিহির অভাবে এত বড় হত্যাকাণ্ডের বিচার অনিষ্পন্ন থেকে যাচ্ছে। 

তিন পার্বত্য জেলায় বিবদমান আঞ্চলিক দলগুলোর মধ্যে মূলত এই সহিংসতা ও খুনোখুনির ঘটনা ঘটে। এসব ঘটনায় সাধারণত মামলা করতেও রাজি হয় না ভুক্তভোগী পরিবারগুলো। আবার মামলা করা হলেও তাতে আসামি করা হয় প্রতিপক্ষ দলের নেতা-কর্মীদের। দলগুলো হলো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), জেএসএস-এমএন লারমা, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও ইউপিডিএফ-গণতান্ত্রিক। 

বান্দরবানের রাজবিলায় ছয়জন খুনের আলোচিত মামলাটির তদন্ত কর্মকর্তা বদল হয় চারবার। মামলার পঞ্চম তদন্ত কর্মকর্তা বান্দরবান গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান চূড়ান্ত প্রতিবেদন দেন। বর্তমানে তিনি কক্সবাজারের কর্মরত। মামলার বাদী যে ১০ জনকে আসামি করেছিলেন, তাঁরা সবাই জেএসএসের নেতা-কর্মী।

জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিদের ব্যাপারে কেউ মুখ খোলেনি। তাই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।

এই মামলার বাদী উবাহ মং এখন ওই দল ছেড়ে ইউপিডিএফ-গণতান্ত্রিকের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক। জানতে চাইলে উবাহ মং বলেন, ‘তদন্তকালে তদন্ত কর্মকর্তা আমার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু পরে শুনলাম, এতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আসামিদের আইনের আওতায় আনতে না পারে, আমরা কী করব।’

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে ২০১৮ সালের ১৮ আগস্ট ইউপিডিএফের একটি মিছিল শুরুর সময় দুর্বৃত্তদের গুলিতে ৭ জন মারা যান। এ ঘটনায় হতাহতদের পরিবারের কোনো সদস্য মামলা করতে রাজি ছিলেন না। তিন দিন পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পুলিশ মামলাটি করেছিলেন। আড়াই বছর আগে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি এই হত্যা মামলারও চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ওই দিন খুন হওয়া রূপম চাকমাসহ দুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

২০১৮ সালের ৩ জানুয়ারি খাগড়াছড়ি সদরের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইউপিডিএফের জেলা সংগঠক মিঠুন চাকমাকে। তাঁর হত্যাকাণ্ডের পরও পরিবারের সদস্যরা মামলা করেননি।

এই ঘটনার তিন দিন পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। পরে মামলাটি তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই পরিদর্শক মোহন লাল চন্দ্র চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন। এ বিষয়ে মিঠুনের পরিবারের সদস্যরাও কথা বলতে অস্বীকৃতি জানান।

চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক অংগ্যা মারমা  বলেন, এসব ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। এতজন মানুষকে মারা হলো, অথচ কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া যায়নি, এটা কীভাবে সম্ভব!

জানতে চাইলে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাইমুল হক প্রথম আলোকে বলেন, পুলিশের তদন্ত করার একটা পদ্ধতি থাকে। সে ক্ষেত্রে যদি সাক্ষ্য-প্রমাণ ও আসামি পাওয়া না যায়, তাহলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এসব ঘটনায় অনেকে অভিযোগ করতে কিংবা সাক্ষ্য দিতে চান না।

ছয় আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে তিনটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৩টি হত্যাকাণ্ড হলো ২০১৮ সালের ৩ মে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকাণ্ড, পরদিন ৪ মে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা তপন জ্যোতিসহ ৫ জন খুন এবং ২০১৯ সালের ১৮ মার্চ বাঘাইছড়িতে ব্রাশফায়ারে ৮ জন খুন।

এই তিন মামলায় ১৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও ২৩ জন গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে অনেকে এখন জামিনে। একজন আসামি মারা গেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে। আদালত সূত্র জানায়, অভিযোগপত্র গ্রহণের পর তিনটি মামলার বিচার শুরু হয়েছে।

পাহাড়ের এসব হত্যাকাণ্ড গুরুত্বহীন হিসেবে দেখা হয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ ধরনের মানসিকতা কাজ করে যে বিষয়টি পাহাড়ি-পাহাড়ি ঝামেলা।

যার কারণে সাক্ষ্য-প্রমাণ, আসামি খুঁজে পাওয়া যায় না। তবে এটা ঠিক, অনেকে অভিযোগ করতে চান না। কিন্তু সরকারের উচিত দায়িত্ব এড়িয়ে না গিয়ে অপরাধীদের খুঁজে বের করা।