চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা

চসিক মেয়র ভুল তথ্য দিয়ে অভিযোগ করেছেন, দাবি সিডিএ চেয়ারম্যানের

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। ৯ আগস্ট, চট্টগ্রাম
ছবি: প্রথম আলো

নগরে জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান এম জহিরুল আলম। তিনি বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ভুল তথ্য দিয়ে সিডিএর বিরুদ্ধে অভিযোগ করছেন।

আজ বুধবার সংবাদ সম্মেলন করে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম এ কথা বলেন। বৃষ্টিতে টানা চার দিন পানিতে ডুবে যায় চট্টগ্রাম নগর। এ সময় নগরের বড় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। সিটি করপোরেশনের পাশাপাশি সংস্থাটির ব্যর্থতা নিয়েও নগরবাসী সরব ছিলেন। এর মধ্যে গত রোববার চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীও ফেসবুক পোস্ট দিয়ে সিডিএর বিরুদ্ধে সমন্বয়হীনতা ও খাল ঠিকভাবে খনন না করার অভিযোগ করেন।

সিডিএ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এম জহিরুল আলম দাবি করেন, মেয়র ভুল তথ্য দিয়ে সিডিএর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি বলেন, সিটি করপোরেশন জলাবদ্ধতার কাজ ঠিকভাবে করতে না পারায় সিডিএকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সিডিএর কোনো গাফিলতি নেই।

সিডিএ চেয়ারম্যান বলেন, এই বছর যে বৃষ্টি হয়েছে গত ৩০ বছরেও এমন হয়নি। এ কারণে জলাবদ্ধতা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কিন্তু সবাই মনে করছে, পুরো চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিডিএ। অথচ ৫৭টি খালের মধ্যে ৩৬টি নিয়ে কাজ করছে সিডিএ। আর কিছু নালা-নর্দমার কাজ। এই প্রকল্পটিও সিডিএর করার কথা নয় বলে উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন না পারায় এটি সিডিএকে দিয়েছে সরকার। জলাবদ্ধতা নিরসনের কাজও সিডিএর নয়। সিটি করপোরেশন দীর্ঘদিন ধরে বারইপাড়া নতুন খালটিও খনন করতে পারেনি।

ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে গত শুক্রবার থেকে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা শুরু হয়। এরপর আরও তিন দিন চট্টগ্রাম নগর ডুবে ছিল। এবার প্রায় নগরের ৪০ শতাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কষ্টে ছিলেন প্রায় ১৫ লাখ মানুষ।

জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি, সিডিএর দুটি ও পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় ১১ হাজার ৩৪৪ কোটি টাকার কাজ চলছে চট্টগ্রামে। গত ছয় বছরে ৫ হাজার ৭৯০ কোটি টাকা ব্যয়ের পরও সুফল পাচ্ছে না নগরবাসী। এর মধ্যে সবচেয়ে বড় ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে সিডিএর একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল ২০১৭ সালের আগস্টে।

প্রকল্প বাস্তবায়নে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা না থাকা প্রসঙ্গে সিডিএ চেয়ারম্যানের দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড ও বন্দরের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেন। এখন পর্যন্ত ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এর মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।

সব জায়গায় খাল পরিষ্কার আছে দাবি করে জহিরুল আলম বলেন, ‘আমরা কোনো সংস্থার বিরুদ্ধে না। আমরা কী কাজ করছি, তা জানানোর জন্য আপনাদের (সাংবাদিকদের) ডেকেছি। অন্য সংস্থাকে দায়ী করছি না। কোনো সংস্থা যদি কোনো কিছুর জন্য দোষারোপ করে সে বিষয়ে আমরা আপনাদের ক্লিয়ার (পরিষ্কার) করছি।’

পানিতে তলিয়েছে চট্টগ্রামের রাস্তা। এর মধ্যেই যাত্রী নিয়ে চলছে রিকশা। গত রোববার তোলা

গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়, ‘তারা (সিডিএ) একেকটা খাল কত গভীর করেছে, সেটা জনগণের জানার অধিকার রয়েছে। সিডিএর প্রকল্পের ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ৯ কোটি কিউবেক মাটি উত্তোলনের কথা আছে। সে পরিমাণ মাটি তুলেছে? মাটি উত্তোলন করা না হলে প্রকল্পের সাফল্য আসবে না।’

মেয়রের এই বক্তব্য প্রসঙ্গে সিডিএ চেয়ারম্যান বলেন, ‘মেয়র সাহেব কীভাবে জানেন আমাদের ডিপিপিতে কি পরিমাণ মাটি অপসারণ করতে হবে। আমাদের ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) আছে ৪ লাখ ২০ হাজার ঘনমিটার কাদা অপসারণ এবং ৫ লাখ ২৮ হাজার ২১৪ ঘনমিটার মাটি খনন। সব মিলিয়ে প্রায় ৩ কোটি ঘনফুট মাটি অপসারণ হবে। আমরা ৬ কোটি ঘনফুট মাটি অপসারণ করেছি। মেয়র সাহেব ভুল তথ্য দিয়ে সিডিএর বিরুদ্ধে অভিযোগ এনেছেন।’

সংবাদ সম্মেলনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী বলেন, নগরের ২১টি খাল তাঁদের প্রকল্পের আওতার বাইরে। এগুলোতে কাজ করতে হবে। নগরের ১ হাজার ৬০০ কিলোমিটার নালা আছে। তা পরিষ্কার রাখতে হবে। নালা-নর্দমা ও খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। আর সবগুলো কাজ যদি সমন্বিতভাবে হয় তাহলে এর সুফল পাওয়া যাবে।