শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবিতে চলচ্চিত্র ও সংবাদ প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ১৯ শিক্ষার্থী

চলচ্চিত্র ও সংবাদ প্রতিবেদনে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ১৯ শিক্ষার্থীকে ‘২য় টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি (টিএফপি) বিভাগ। বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বছর প্রতিযোগিতায় চলচ্চিত্র ও সংবাদ প্রতিবেদনসহ মোট ১২৯টি কাজ জমা পড়েছিল। দেশের প্রখ্যাত নির্মাতা, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সমালোচক, চিত্রনাট্যকার, সাংবাদিকদের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড এগুলোর মধ্য থেকে ১৯টি ক্যাটাগরিতে ৪১টিকে প্রাথমিকভাবে মনোনীত করে। পরে সেগুলোর মধ্য থেকে ১৯ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে নির্বাচিত ২৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠার ১৪ বছরে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ তৈরিতে দারুণ সফলতা দেখিয়েছে। তাঁদের এ সৃজনশীল কাজের ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।’

এ সময় তিনি পুরস্কারজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিভাগের শিক্ষা কার্যক্রম ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্যই এ আয়োজন। যথাযথ বরাদ্দ পেলে এই বিভাগ বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বে সৃজনশীল কাজের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হবে।