অবসরে যাচ্ছেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব

মো. আখতার হোসেন
মো. আখতার হোসেন

দীর্ঘ ৩৪ বছরের চাকরিজীবন শেষ করে স্বাভাবিক অবসরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন। ৩০ অক্টোবর থেকে তাঁর অবসর শুরু হবে।

মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মচারী আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী আখতার হোসেন অবসরে যাচ্ছেন। এই ধারা অনুযায়ী, একজন সরকারি কর্মচারীর বয়স ৫৯ বছর হলে অবসরে যান।

আখতার হোসেন এ বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করেন। বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মকর্তা আখতার হোসেন ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন।

এদিকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের গুরুত্বপূর্ণ এ পদে কে আসছেন, সেটি নিয়ে অনেকের আগ্রহ আছে। একই সঙ্গে সম্প্রতি বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেনের স্থলে এখনো কাউকে নিয়োগ দেয়নি সরকার। প্রচারের দায়িত্বে থাকা এ পদ নিয়েও কৌতূহল আছে।