৭২ বছর আগের পুরোনো চিঠিতে পাওয়া গেল দেশভাগের কথা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ধরে নিয়ে যায় মধুসূদন ধরকে। বাংলা ১৪১৭ সনে প্রয়াত হন কমলা ধর।

মধুসূদন ধর আর কমলা দত্তের বয়সের ব্যবধান ছিল চার বছরের মতো। ‘কমল’ নামে ডাকতেন মধুসূদন। দুজনেই ময়মনসিংহের গৌরীপুরের আলো-বাতাসে বড় হতে হতে জড়িয়ে গেলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক আদর্শে। দাগ কাটলেন একে অপরের মনের মানচিত্রেও। দেশভাগপূর্ব রাজনৈতিক উত্তাপ ছাড়ল না তাঁদের। ভারতে চলে যেতে বাধ্য হলেন কমলা। একসঙ্গে স্বাধীন দেশের স্বপ্ন দেখা দুজন মানুষের মানচিত্রই ভাগ হয়ে গেল সাইরিল র্যাডক্লিফের টেনে দেওয়া এক দাগে।
যোগাযোগের মাধ্যম তখন ডাক বিভাগের চিঠি। তখনকার নড়বড়ে ব্যবস্থাপনার মধ্যে যাও-বা এ মাসের চিঠি আরেক মাসে গিয়ে পৌঁছাত, তা-ও অনেক সময় হারিয়ে যেত কমলার অভিভাবকদের নজরদারিতে। চিঠি পেতে কমলা দত্তকে মাঝেমধ্যেই ঠিকানা বদলাতে হয়েছে। বছরের পর বছর এভাবে যেতে যেতে সবকিছু অসহনীয় হয়ে উঠল তাঁর কাছে। ১৯৫০ সালের মার্চে ময়মনসিংহের গৌরীপুর থেকে মধুসূদন ধর কয়েক পৃষ্ঠার একটি চিঠি লিখলেন কমলাকে। এতে আসছে বৈশাখে সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস। চিঠির প্রথম পৃষ্ঠায় পাওয়া যায়, পরিবারের কড়াকড়ি শাসনের কারণে কমলার বারবার ঠিকানা বদল ও ঠিক সময়ে চিঠি না পাওয়া নিয়ে মধুসূদনের আক্ষেপের কথা।
সেই ৭২ বছর আগে এপার বাংলা থেকে কলকাতার এক ঠিকানায় লেখা চিঠির চারটি পৃষ্ঠায় বারবার উঠে এসেছে মধুসূদন ধরের দেশপ্রেমের কথা। কোনোভাবেই পূর্ব বাংলা ছেড়ে কোথাও যাবেন না লিখেছিলেন তিনি। এমনকি কমলা দত্তর বাবা যে চলে যাওয়ার সিদ্ধান্ত ঠিক নেননি, সেই খেদও প্রকাশ পেয়েছে চিঠিতে। ব্রিটিশ আমলে বিত্তবান পরিবারের মেয়ে কমলা আর তাঁর দুই বোন মংলী, ছানু মিলে স্কুলে যেতেন ঘোড়ার গাড়িতে করে। সেই কমলা দত্তই কিনা জড়িয়ে গেলেন ব্রিটিশবিরোধী আন্দোলনে। কমলার বাবা ক্ষিতিশচন্দ্র দত্ত পড়লেন দুশ্চিন্তায়। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন তাঁর মেয়ে। একই সঙ্গে অল্প আয়ের পরিবারের সন্তান মধুসূদনের সঙ্গে কমলার সম্পর্ক। ময়মনসিংহের সব গুটিয়ে মেয়েসহ পরিবার নিয়ে ১৯৪৬ সালে তিনি চলে গিয়েছিলেন কলকাতায়। চেয়েছেন মধুসূদনের সঙ্গে কোনো যোগাযোগই না থাকুক কমলার। এই চাওয়া অবশ্য তখনকার বাম দলের অন্য সদস্যদের মধ্যেও দেখা যেত। কোনো এক বন্ধুর উদ্দেশে বিয়ের আগে লেখা মধুসূদন ধরের আরেকটি চিঠির দুটি পৃষ্ঠায় পাওয়া যায় সে আভাস।
মধুসূদন ধর বন্ধুকে লিখেছিলেন, ‘দেশসেবক ছিলাম, আছি। দেশের মানুষের সেবা করার সৌভাগ্য থেকে বঞ্চিত হতে চাই না। নেতাজির ভাবাদর্শে অনেকেই অনুরক্ত। তাঁর জীবনাদর্শও ব্যক্তিগতভাবে কেউ কেউ আদর্শ হিসেবে মানতে পারে। তাই বলে তা সবার পক্ষে এককথা না-ও হতে পারে।’ স্পষ্টই বোঝা যাচ্ছে, দলের দুজন সদস্যের বিয়ে নিয়ে আপত্তি ছিল হয়তো। তবে মধুসূদন ধর বরাবর এককথায় চলা মানুষ। তাঁর কাছে সবই স্পষ্ট হওয়া চাই। এ জেদ তাঁর শৈশব থেকেই। ছাত্রজীবন থেকেই সে রাজনীতির সঙ্গে যুক্ত। এ জন্য বহিষ্কারও হয়েছেন কলেজ থেকে। শোনা যায়, আজাদ হিন্দ ফৌজে যোগ দিতে তিনি চট্টগ্রামেও গিয়েছেন। ১৯৫০ সালে কমলাকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘ওখানকার (হিন্দুস্থান) রাজনৈতিক অবস্থা যেমন জটিল হতে চলেছে, তাতে কোনো সমস্যারই সমাধান হবে না বা হতে পারে না—ভবিষ্যৎ বিবেচনায় আমি এখানে থেকে যাওয়াই শ্রেয় মনে করি।’ এ চিঠি লেখার সময় তাদের একজনের বয়স ২৬ বা ২৭, আর অন্যজনের ২২ অথবা ২৩ বছর।
কথা রেখেছিলেন মধুসূদন ধর। ১৯৫০ সালের বৈশাখে জয়নাথ সাহা নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কমলা দত্তকে আনতে। কমলা বাড়ি থেকে চলে আসার সময় সঙ্গে এনেছিলেন কয়েক বছর ধরে জমিয়ে রাখা মধুসূদন ধরের চিঠিগুলো। মধুসূদন নিজেকে বলতেন ‘তোমার মধু’। শোনা যায় কালীঘাটে তাঁদের বিয়ে হয়। এরপর চলে এলেন ময়মনসিংহের গৌরীপুরে। বদরুজ্জামান নামের আরেক বন্ধু মধুসূদন ও কমলাকে সঙ্গ দিয়েছে ফেরার পুরোটা পথ। কমলা ধর তখনো হয়তো জানতেন না, পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলার পথে রওনা হওয়ার এ যাত্রা তাঁর জীবনের নতুন আরেক ইতিহাসের সূচনামাত্র। দেশভাগের পর যখন অনেকেই চলে যাচ্ছে ওপারে, তখন এক নারী সারা জীবনের জন্য নিজের সিদ্ধান্তে এসেছিলেন এপারে। কেননা, তাঁর সঙ্গী কখনোই নিজের মাটি ছাড়বে না বলে প্রতিজ্ঞাবদ্ধ।
কমলা দত্ত বিয়ের পর হলেন কমলা ধর। সেই যে বাড়ি থেকে বের হলেন, আর কখনো ফেরেননি মা-বাবা, ভাইদের কাছে। কিন্তু অভাবের চেয়েও বড় লড়াই তখন অপেক্ষা করে আছে এই দুজনের জন্য। দেশপ্রেম নিয়ে দুজন রাজনৈতিক কর্মী সংসার শুরু করলেন মানচিত্রের ব্যবধান ঘুচিয়ে। তাঁদের অভাব পরাজিত হয়েছিল মানসিক বোঝাপড়ার কাছে।
একজন বিত্তবান বাড়ির আদুরে মেয়ে, অন্যজনের কাঁধে সামান্য আয়েও পরিবারের অনেক মানুষের ভরণপোষণের দায়িত্ব। কিন্তু দুজনেরই ভাবনায় দেশ। তাঁদের সংসারে একে একে এল চারটি সন্তান। ১৯৫০ সালে কালীঘাটে যে যৌথ জীবন শুরু হয়েছিল, তা বারবার সংকটে পড়েছে রাজনৈতিক চাপে। দুই দশক পর এল মুক্তিযুদ্ধের পর্ব।
ময়মনসিংহের শালীহরে তাঁদের বাড়িটি ১৯৭১ সালে ছিল বহু মানুষের আশ্রয়স্থান। এটি ছিল মধুসূদনদের আরেকটি বাড়ি। নানাভাবে প্রথম থেকেই মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন মধুসূদন ধর। ফলে মুক্তিযুদ্ধের প্রথম দিকেই তাঁর নামটি শান্তি কমিটি পাঠিয়ে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে। ১৯৬৯ সালে মধুসূদন ধর তাঁর বড় ভাইকে এক চিঠিতে লিখেছিলেন, ‘পূর্ব পাকিস্তান একরকম থাকবে না।’ এসব ঘটনা অবশ্য প্রথম আলোর পাওয়া চিঠিতে নেই। জানা গেল এই দম্পতির ছোট ছেলে বিশ্বব্যাংক কর্মকর্তা সুব্রত শংকর ধরের সঙ্গে কথা বলে। বড় ভাইকে লেখা চিঠিতে মধুসূদন ধরের সেই আশার কথা পড়েছিলেন তাঁর সন্তান। কাজের সূত্রে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত সুব্রত শংকর ধর দেশে এসেছিলেন সম্প্রতি। এ বছরের অক্টোবরের শেষে তিনি গিয়েছিলেন ময়মনসিংহের শালীহরের বাড়িতে। যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শেষবারের মতো বাবাকে দেখেছিলেন, সেখানে দাঁড়িয়েছিলেন আবার। ৫০ বছর পর সেখানে দাঁড়িয়ে একটি ছবি তুললেন তিনি। এ পথ দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হয়ে চলে যাওয়ার সময় একবার ফিরে তাকিয়েছিলেন মধুসূদন ধর। সন্তানের মুখ শেষবার দেখেছিলেন পিতা। বাবার চলে যাওয়া সে পথের ছবি তুলেছেন সুব্রত শংকর ধর। গ্রামের ভেতর দিয়ে চুলের সিঁথির মতো যাওয়া পথটি এখনো প্রায় একই রকম।
১৯৭১ সালের ১৬ মে দুপুরে মধুসূদন ধরকে আটক করতে এসেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা। তাঁদের কথোপকথন শুনতে বড় ছেলে সুপ্রিয় ধর তখন লুকিয়েছেন বাড়ির পাশে পানের বরজে। পাটকাঠির বেড়ার ভেতর থেকে চোখ রেখে দেখেছিলেন, বাবা কথা বলছেন। পরনে গেঞ্জি আর লুঙ্গি। একটু সময় হয়তো তিনি চেয়ে নিলেন। ঘরে ঢুকে হাতের কাছে যে পোশাকটি পেলেন, তা-ই নিয়েছিলেন সঙ্গে। টুয়েল কাপড়ের হলুদ রঙের একটা হাফহাতার শার্ট। শার্টটিও ছিল আসলে বড় ছেলের। গায়ে দেওয়ার সময় পাননি মধুসূদন ধর, কাঁধে রাখলেন। তাঁকে ধরে নিয়ে যাওয়া হলো।
গ্রামের মানুষ চেয়েছিলেন প্রতিরোধ করতে, কিন্তু মধুসূদন ধর বুঝেছিলেন, ধরা না দিলে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। আশ্রয় নেওয়া নারী, শিশুদের প্রাণ রক্ষা করা যাবে না। তিনি আর কখনো ফিরে আসেননি। তবে তাঁর জন্য জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন কমলা ধর। দুই দশকের সংসারের স্মৃতি নিয়ে আরও ৪০ বছর ছিল শুধু তাঁর অপেক্ষার জীবন। পাকিস্তানি সেনাদের হাতে মধুসূদন ধরের নিহত হওয়ার খবর শোনা গিয়েছিল। তবে নিশ্চিত হওয়া যায়নি কখনো।
সুব্রত শংকর ধর জানালেন, তিনি যখন দ্বিতীয় শ্রেণির ছাত্র, তখন প্রথম পুরোনো টিনের বাক্সে দেখেছিলেন কয়েকটি চিঠি। তাঁর বড় ভাই সম্ভবত বের করেছিলেন বলে জানালেন। হারিয়ে গিয়েছে আরও কয়েকটি পৃষ্ঠা। এসব চিঠি ছিল দেশভাগের সময় এবং এর কয়েক বছরের মধ্যে লেখা।
পরবর্তীকালে সেই চিঠিগুলোর ছবি তুলেছিলেন সন্তানেরা। কমল আর নাম না জানা এক বন্ধুকে লেখা মধুসূদন ধরের দুটি চিঠির ছয়টি পৃষ্ঠা পাওয়া গেল তাঁদের কনিষ্ঠ সন্তান সুপ্রীতি ধরের কাছ থেকে। কমলকে লেখা চিঠিতে মধুসূদন জানতে চেয়েছিলেন ‘বাসার নম্বর কি ৬, না ৬০?’ সম্ভবত কাগজের কালি লেপ্টে ঝাপসা হয়েছিল বলে বুঝতে অসুবিধা হয়েছিল। কমলা ধর সে উত্তর আর লিখে পাঠাননি। সারা জীবনের জন্যই চলে এলেন এপার বাংলায়। ১৯৫০ সালে মধুসূদন ধর ময়মনসিংহ থেকে পশ্চিম বাংলার কোনো এক ঠিকানায় পাঠানো চিঠিতে লিখেছিলেন, বৈশাখে ঠিক হয়ে যাবে সব। স্বামীকে ছাড়া কমলার জীবনের সব ঠিক হয়েছিল কি না, জানা নেই। তবে এমনই এক বৈশাখে প্রয়াত হন কমলা, সনটি ছিল বাংলায় ১৪১৭।