ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে রেজওয়ান আহমেদ নামের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যাচ্ছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। সোমবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে রেজওয়ান আহমেদ নামের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যাচ্ছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। সোমবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ সন্দেহে আটক ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী সন্দেহে রেজওয়ান আহমেদ নামের এক শিক্ষার্থীকে আটক করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় ফটকের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় দ্বিতীয় ফটকে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা তখন ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’

সন্দেহভাজন ব্যক্তিকে আটকের বিষয়ে প্রক্টর বলেন, ছাত্রদলের নেতা–কর্মীরা একজনকে আটক করেছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।