বনচালতা

অপরূপ বনফুল

বনচালতা, সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সম্প্রতি তোলা l ছবি: লেখক
বনচালতা, সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সম্প্রতি তোলা l ছবি: লেখক

হাজারো গাছের পত্র-পল্লবের শিহরণ ছুঁয়ে হেঁটে চলেছি ছায়াময় বনপথে। অবাক করা কত সব পাখির ডাকাডাকি। লটকন টিয়া, মৌটুসি, ময়নাসহ আরও কত পাখি। এক গাছের সঙ্গে অন্য গাছের এমন ঘন সন্নিবেশ বা বন্ধন কেবল প্রাকৃতিক বনেই সম্ভব। এমনই এক বনের গভীরে দেখা হয়েছিল পত্রহীন এক গাছের সঙ্গে। বনে এমন ফুলও ফোটে! এই বনবৃক্ষের হলুদ ফুলের আবেদন গভীরতর। জানি না, বনফুলেরা মানুষকে স্বপ্নময় করে তোলে কি না। এসব ফুলের অবাক করা বর্ণসুষমা যুগ যুগ ধরে আমাদের মন রাঙিয়ে তুলবে। ভালোবাসতে শেখাবে প্রকৃতিকে।
এটি বনচালতাগাছ। কোথাও আজুলি (মধুপুর), হারগজা (চট্টগ্রাম) নামে পরিচিত। বড় ও পত্রমোচী গাছ, প্রায় ৩০-৪০ মিটার উঁচু হয়। ডালপালা চারদিকে ছড়ানো থাকে। বনের ভেতরে সে বসন্তে হলুদ ফুল ফুটিয়ে প্রশান্তি দেয়। শীতে পাতা ঝরে যায়। বসন্তে পাতাহীন গাছ ভরে ওঠে গুচ্ছ গুচ্ছ হলুদ ফুলে। ফুল ফোটে সকালে, ঝরে পড়ে সন্ধ্যায়। সারা দিনই ফুলে মৌমাছির আসা-যাওয়া। আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, শালবন ও সিলেটের বনে জন্মে। বনচালতার দুটি প্রজাতি আছে আমাদের বনে। একটি প্রজাতির (Dillenia pentagyna) পাতা বেশ বড়, অন্য প্রজাতির (Dillenia scabrella) পাতা মাঝারি গড়নের। ছবিতে দৃশ্যমান ফুলের প্রজাতিটি মাঝারি গড়নের পাতাওয়ালা এবং অপেক্ষাকৃত দুর্লভ। বনচালতার ফুল সুগন্ধি। ফল গোল, ১.৫-২ সেন্টিমিটার চওড়া পাকা ফল খাওয়া হয়। নানা ধরনের ভেষজ চিকিৎসায় এই গাছের বাকল ও পাতা ব্যবহার করা হয়। বনচালতা বাংলাদেশ ও ভারতের প্রজাতি। পরিবার Dilleniaceae। ডিলেনিয়েসি পরিবারের নামকরণ করা হয়েছে বিখ্যাত জার্মান উদ্ভিদবিদ জোহান জ্যাকোব ডিলেনিয়াসের (১৬৮৪-১৭৪৭) সম্মানে। উদ্ভিদ বিষয়ে তাঁর বিখ্যাত কিছু গবেষণা ও গ্রন্থ রয়েছে।
উন্নয়নের এই যুগে আমাদের প্রাকৃতিক বনের এখন সংকটকাল। কেউ বলেন, উন্নয়নের কারণে বনের যে গাছ কাটা পড়বে, তার চেয়ে বেশি গাছ লাগানো হবে। হাজার বছর ধরে বেড়ে ওঠা প্রাকৃতিক বনের প্রতিবেশ-পরিবেশের ক্ষতি কি তাঁরা অন্যত্র গাছ লাগিয়ে পূরণ করতে পারবেন?