
ঘূর্ণিঝড় ‘অশনি’র দুর্বল হয়ে যাওয়ার খবর জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরপর আজ বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বাংলাদেশের দুশ্চিন্তামুক্ত হওয়ার কথা জানালেন। আজ সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে ‘দুর্যোগ মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে ‘অশনি’ নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। সংলাপের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় অশনি নিয়ে এ বাংলাদেশের আর এ মুহূর্তে কোনো দুশ্চিন্তা নেই।’
আজ সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি শক্তি হারাচ্ছে। এটি এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের অন্ধ্র উপকূলে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরও দুই দিন বৃষ্টি হতে পারে।
বাংলাদেশের উপকূল থেকে অশনির দূরত্ব বাড়ছে। আজ সকাল ছয়টায় এর অবস্থান ছিল অন্ধ্র প্রদেশ উপকূলে। অবশ্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুই দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এমন বৃষ্টিপাত চলতে পারে আরও দুই দিন।
এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় অশনি নিয়ে তিনি শঙ্কায় ছিলেন। এখন এ ঝড় ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হেনে দুর্বল হয়ে গেছে। এ ঝড় নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই।
আজকের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাশহুদুল হক।