
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার থেকেই আকাশ মেঘলা। আজ বুধবার ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কাল বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া এ রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সমুদ্রবন্দরগুলোকে গতকালের মতো আজও ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। বসন্তের এই সময়ে এমন আবহাওয়ায় অনেকে ছিলেন অপ্রস্তুত। এতে কর্মব্যস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে বিড়ম্বনায় পড়েছেন। সাড়ে ১০টা পর্যন্ত আকাশ কালো মেঘে ঢাকা ছিল। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কাল পর্যন্ত পরিস্থিতি এমন থাকবে।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পশ্চিমা লঘুচাপ ও পূবালী বাতাসের সংঘর্ষে আবহাওয়া বিক্ষুব্ধ হয়ে ওঠে। আগামী দু-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা আছে।
অপরদিকে সকাল থেকে কক্সবাজারের আকাশে কোথাও কোথাও ঘন মেঘ জমেছে। বাতাসের গতিবেগও বেশি। বঙ্গোপসাগর ও নাফ নদী কিছুটা উত্তাল। গতকাল মঙ্গলবার থেকে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী সাতটি জাহাজ চলাচল বন্ধ আছে। এ কারণে সেন্ট মার্টিনে আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক।
টেকনাফ উপজেলা প্রশাসন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল করতে দিচ্ছে না। সাধারণত টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সকাল ৯টায় পর্যটকদের নিয়ে জাহাজগুলো সেন্ট মার্টিন যায়। ওদিক থেকে আবার বেলা ৩টার দিকে পর্যটকদের নিয়ে ফিরে আসে জাহাজগুলো। গতকাল এবং আজ এখন পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ আছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত আছে। সাগর ও নাফ নদী কিছুটা উত্তাল আছে। সব ধরনের নৌযান ও মাছ ধরার ট্রলারকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।