
শীতের তীব্রতা শেষ হয়ে যাওয়ার পরপরই বাগানে গানের পাখিদের কিচিরমিচির ও আনাগোনা বেড়ে গিয়েছিল। পার্কে, বনে ও ফসলের মাঠের কাছে ঝোপের পাশে নানা প্রজাতির গানের পাখির সমাগম। পৃথিবীতে আবাস উপযোগী মহাদেশগুলোর মধ্যে ইউরোপে পাখির প্রজাতির সংখ্যা তুলনামূলক কম।
তবে পাখি সংরক্ষণের গুরুত্বপূর্ণ অনেক আইন আছে। যে কারণে কিছু প্রজাতির পাখির সংখ্যা বনে-বাদাড়ে বেড়েছে। তবে ইউরোপ মহাদেশে ফার্মল্যান্ডনির্ভর (কৃষিযোগ্য ভূমি) পাখির সংখ্যা গত ৫০ বছরে ব্যাপক হারে কমেছে। খাদ্যশস্য উৎপাদনের জন্য জমির ব্যবহার, বসতি ধ্বংস ও কীটনাশক ব্যবহারের ফলেই পাখির সংখ্যা হ্রাস পেয়েছে বলে গবেষণা থেকে জানা যায়। এ নিয়ে আরও অনেক গবেষণা চলমান রয়েছে।
এক মাস ধরে একটি ফার্মল্যান্ডনির্ভর পাখির ওপর গবেষণাকাজ করছি, জার্মানির বায়ার্ন অঞ্চলে এ দেশের একটি বিখ্যাত পাখি সংরক্ষণ সংস্থা (ল্যান্ডসবুন্ড ফুর ভোগেল শুটজ ইন বায়ার্ন)-এর হয়ে। প্রায় প্রতিদিনই গবেষণাকাজে ফিল্ডে যাই। যে কারণে নতুন নতুন অনেক প্রজাতির সঙ্গে পরিচয় হয়। এসব পাখির আচার-আচরণ লক্ষ করি। শীতে কিছু প্রজাতি বাংলাদেশসহ এশিয়ায় পরিযায়ী হয়, সেসব প্রজাতিও এখন ইউরোপে বাসা বানাচ্ছে ও ছানা লালন-পালন করছে।
ইউরোপে গাঢ় রঙের বর্ণিল পাখির প্রজাতি কম। যে কারণে মানুষের কাছে বর্ণিল প্রজাতির পাখিগুলো খুবই জনপ্রিয়। তার মধ্যে হলুদ বর্ণের ইয়র্লিন বা ইয়েলোহ্যামার খুবই সুন্দর এক পাখি। পাখিটির গান মানুষকে মুগ্ধ করে। প্রায় প্রতিদিন এই গানের পাখির সঙ্গে দেখা হয়। এদের গ্রীষ্মকালটা বেশ ব্যস্তময়, আনন্দমুখর ও রোমান্টিক। ছোটাছুটি, ডাকাডাকি ও চঞ্চলতা খুবই উপভোগ্য।
ইয়র্লিন কৃষিখেতের কাছের ঝোপে, গ্রামীণ বনের কাছের মাঠে, ঘাস বনে বিচরণ করে। যে কারণে ইউরোপের গ্রামে বসবাস করা মানুষের কাছে পাখিটি অতি পরিচিত ও প্রভাব বিস্তারকারী। ইংলিশ কবি জন ক্লেয়ার এ পাখির সৌন্দর্যে মোহিত হয়ে দুটি কবিতা লিখেছেন। তাঁর কবিতা, ‘দ্য ইয়েলোহ্যামার নেস্ট’–এর কয়েকটি চরণ—
‘বসন্তের প্রারম্ভে, যখন হিমশীতল বাতাস বয়ে যায়,
তখন ইয়েলোহ্যামার ও ঘাস আসবে
একটি স্থান ঠিক করতে এবং একটি প্রাথমিক বাড়ি বেছে নিতে।’
জন ক্লেয়ারকে বলা হয় গ্রামের কবি, তাঁর কবিতায় গ্রামীণ চিত্র ও জীবনধারা অনবদ্যভাবে ফুটে উঠেছে। গ্রামীণ পাখিরাও বাদ পড়েনি। স্কটল্যান্ডের জাতীয় কবি রবার্ট বার্নস এ হলুদ রঙের পাখির নাম দিয়েছিলেন ইয়র্লিন। ইয়র্লিন সাধারণত একা অথবা জোড়ায় চলে। অন্যান্য বান্টিং প্রজাতির পাখির চেয়ে এরা একটু সাহসী। মানুষ খুব কাছে এলে উড়ে চলে যায়।
তবে বাসা বানানোর ব্যাপারে সাবধানী। গম, ভুট্টা ও কাঁটাওয়ালা ঝোপের মধ্যে মাটিতে বাসা তৈরি করে। সাধারণত এপ্রিল-মে মাসে প্রজনন শুরু হয়। পুরুষ তারা ডানা উঁচু করে নারীর কাছে প্রদর্শন করে। বাসা তৈরি করে উদ্ভিদের উপাদান যেমন পাতা, শুকনো ঘাস, ডালপালা দিয়ে।
তিন থেকে পাঁচটি সাদা রঙের ডিম দেয়। খাদ্য প্রধানত ঘাস ও শস্যবীজ (গম, ওট, বার্লি ইত্যাদি)। তবে ছানাদের পোকা, মাছি, শুঁয়াপোকা, কেঁচো, মাকড়সা ও লার্ভা খাওয়ানো হয়, যাতে তাদের দ্রুত বৃদ্ধি হয় পর্যাপ্ত প্রোটিন পেয়ে। ছানাদের প্রথম কয়েক দিন একচেটিয়াভাবে অমেরুদণ্ডী শিকারকে খাওয়ানো হয়, তবে তৃতীয় দিন থেকে খাদ্যশস্যও খাওয়ানো হয়, যাতে ছানারা ভালোভাবে হজম করতে পারে।
সৌরভ মাহমুদ, প্রকৃতিবিষয়ক লেখক ও পাখি গবেষক