ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আকস্মিক জলাবদ্ধতায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। দেশজুড়ে লঘুচাপের প্রভাবে হওয়া প্রবল বর্ষণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কয়েকটি ইউনিয়নের মানুষ দুর্ভোগে পড়েছে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় এক হাজার ৫০০ একর আমনের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া ওই সব ইউনিয়নের কাঁচা সড়ক ও মাছের খামার প্লাবিত হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত হালুয়াঘাট, ভূবনকূড়া ও স্বদেশী ইউনিয়নে ২০টি কাঁচা ঘর ধসে গেছে। কয়েক শ ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। হালুয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।