তিন জেলায় মৃদু তাপপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে; যদিও বৃষ্টির পরিমাণ এর আগের দিনের চেয়ে কম। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সব বিভাগেই কমবেশি বৃষ্টি হবে। তবে বৃষ্টিতে কমছে না গরমের প্রকোপ। রাজধানী তিন তিন ধরে বৃষ্টিশূন্য। ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। এরই মধ্যে দেশের তিন জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, খুলনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এই গরমের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি রাজধানীতেও আজ বৃষ্টি হতে পারে।

রাজধানীতে তাপমাত্রা কয়েক দিন ধরে বাড়ছে। গত রোববার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, ৪৫ মিলিমিটার।