দেশে দুই দফা ভূমিকম্প

পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্প হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আজ শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে দ্বিতীয় দফা ও গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রথম দফার ভূমিকম্প আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্তে। গতকাল রাত সোয়া ১২টার দিকে প্রথম ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তি ছিল ঢাকা থেকে ৩১৭ কিলোমিটার পূর্বে। ভোর পৌনে পাঁচটায় দ্বিতীয় দফা ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৮। উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৮৫ কিলোমিটার পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তে।