মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তর করজনা গ্রামে গতকাল শনিবার সকালে বজ্রপাতে শাহ আলম (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের সমশের আলী শেখের ছেলে এবং স্থানীয় করজনা এ জি এন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ আলম গতকাল সকালে বাড়িতে ঘরের ভেতরে পড়াশোনা করছিল। এ সময় ঝড়-বৃষ্টির মধ্যে তার ঘরে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। এরপর স্বজনেরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ প্রতিনিধি|