পরিযায়ী পাখি

বাইক্কা বিলের টিকাবাউরি

বাইক্কা বিলের দ্বিতীয় টাওয়ারের ওপর উড়ন্ত টিকাবাউরি
ছবি: লেখক

বালি হাঁসের উড়ন্ত ঝাঁকের ছবি তুলতে শ্রীমঙ্গলের বাইক্কা বিলের প্রথম টাওয়ারে উঠেছি। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো প্রজাতির হাঁসের দেখা পেলাম না। তাই প্রায় এক কিলোমিটার দূরের দ্বিতীয় টাওয়ারের দিকে রওনা হলাম। পথে বালি হাঁসের কাঠের বাসাগুলোর পাশের ঢোলকলমির ডালে একটি পুরুষ সরগমকে বসে থাকতে দেখলাম।

দূরে বিলের পানিতে কমবেশি ৩০টি জাঠুয়া বক খাবার খাওয়ায় ব্যস্ত। সামনে এগিয়ে যেতেই একটি কাঠশালিককে হিজলগাছের ডালে দোল খেতে দেখলাম। দ্বিতীয় টাওয়ারের কাছাকাছি যেতেই কুড়া ইগলের শূন্য বাসায় একটি টেকটেকিকে দেখা গেল। টাওয়ারের নিচে পৌঁছাতেই বিলে প্রচুর পরিযায়ী হাঁস চোখে পড়ল; লেনজা হাঁস, পিয়ং হাঁস ও পান্তামুখী ইত্যাদি। কালেম পাখিও আছে বেশ। তবে বালি হাঁস দেখলাম না।

টাওয়ারটি তেমন উঁচু নয়। এতটা পথ হেঁটে কিছুটা ক্লান্ত, তাই দোতলায় উঠে যেই না একটু আরাম করে বসেছি, অমনি কোত্থেকে একটি শিকারি পাখি টাওয়ারের ওপর দিয়ে চক্কর দিতে শুরু করল। সঙ্গে সঙ্গে বিলের কালেমের ঝাঁক এদিক-সেদিক দৌড়াতে শুরু করল। বুঝতে পারলাম কালেম পাখি ওদের খুব পছন্দ। দ্রুত ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়লাম।

দেশে করোনা মহামারি শুরু হওয়ার মাসখানেক আগে ভারতের রাজস্থানের ভরতপুর পক্ষী অভয়ারণ্যে এই প্রজাতির শিকারি পাখিকেই কালেমের জাতভাই কালকুচ শিকার করে খেতে দেখেছি। যাহোক, পাখিটি অনেকক্ষণ আকাশে উড়ল, টাওয়ারের চারদিকে চক্কর দিল কয়েকবার। কিন্তু কালেম শিকার করতে পারল না। একটি শঙ্খচিলের আগমনে চওড়া ডানা ও লম্বা-চওড়া লেজের হালকা-পাতলা শিকারি পাখিটি দূর আকাশে মিলিয়ে গেল।

একনজরে পাখিটির পালকের রং পরিবর্তনশীল বাদামি। মাথা ফ্যাকাশে ও চওড়া চক্ষু-রেখা। বসা অবস্থায় ডানার প্রান্ত লেজের প্রান্ত পর্যন্ত পৌঁছায় না। পুরুষের পিঠ কালচে-বাদামি, দেহের নিচটা কালচে-লাল। মাথা ও ঘাড় ফ্যাকাশে লালচে। অন্যদিকে স্ত্রীর মাথার চাঁদি, গলা ও ডানার প্রান্ত কালচে চকোলেট-বাদামি।

স্ত্রী-পুরুষ নির্বিশেষে চোখ বাদামি থেকে হলদে। কালচে চঞ্চুর গোড়া হালকা খয়েরি। পা ও পায়ের পাতা হলুদ থেকে কমলা-হলুদ। প্রাপ্তবয়স্ক পাখির দৈর্ঘ্য ৪৮-৫৬ সেন্টিমিটার, প্রসারিত ডানা ১২০-১৩৫ সেন্টিমিটার ও ওজন ৪০৫-৬৭০ গ্রাম।

শীতে ওদের কমবেশি এ দেশের সর্বত্র দেখা গেলেও জলাভূমি ও আর্দ্র ধানখেতে বেশি থাকে। জলাভূমির ২-৩ মিটার ওপর দিয়ে একাকী বা জোড়ায় উড়ে উড়ে খাদ্য খোঁজে। ধারালো নখ দিয়ে ব্যাঙ, সরীসৃপ, ছোট মাছ ও বড় কীটপতঙ্গ শিকার করে খায়। সুযোগ পেলে কালেম, কালকুচ ইত্যাদিও শিকার করে। সচরাচর নীরব থাকে, কদাচ ‘শি-শি-শি...’ শব্দে ডাকে।

এপ্রিল থেকে জুনে প্রজনন মৌসুমে পশ্চিম সাইবেরিয়া ও মধ্য এশিয়ায় জলাভূমির ধারে নলখাগড়া ও ঘাস দিয়ে বাসা বানায়। ডিম পাড়ে ৩-৮টি; রং গাঢ় দাগছোপসহ ফ্যাকাশে নীলচে-ধূসর। স্ত্রী একাই তা দেয়, ডিম ফোটে ৩৩-৩৮ দিনে। ছানারা ৩৫-৪০ দিনে উড়তে শেখে ও ৫৫-৬০ দিনে বাসা ছাড়ে। আয়ুষ্কাল প্রায় আট বছর।

এ দেশের সচরাচর দৃশ্যমান এই শিকারি পাখির নাম টিকাবাউরি। জলার চিল, পান চিল, চিত্রা চিল, কুড়িয়া চিল নামেও পরিচিত। ইংরেজি নাম ওয়েস্টার্ন মার্শ হ্যারিয়ার, ইউরেশিয়ান মার্শ হ্যারিয়ার বা মার্শ হ্যারিয়ার। গোত্র অ্যাক্সিপিট্রিডি ও বৈজ্ঞানিক নাম Circus aeruginosus। ইউরোপ, ভূমধ্যসাগরীয় এলাকা, দক্ষিণ রাশিয়া ও মধ্য এশিয়ায় এদের মূল আবাস।

আ ন ম আমিনুর রহমান, অধ্যাপক, বশেমুরকৃবি, গাজীপুর