ময়মনসিংহ ও সিলেটে আজ বৃষ্টির সম্ভাবনা

ঝড়–বৃষ্টি
ফাইল ছবি

ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আজ শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেটে নিশ্চিত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

এ ছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের দুয়েক জায়গায়ও বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। পূর্বাভাস অনুসারে, এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানো বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।

তবে কাল রোববার থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের মাইজদীকোর্টে (নোয়াখালী), ৪৫ মিলিমিটার। কক্সবাজারেও ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে এ সময়ের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে ঢাকায় ৪১ মিলিমিটার ও টাঙ্গাইলে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ময়মনসিংহ ও নেত্রকোনায় বৃষ্টিপাত হয়েছে যথাক্রমে ৩০ ও ৩৬ মিলিমিটার। আর রংপুরে বৃষ্টিপাত হয়েছে ৩৩ মিলিমিটার।
কিছুটা বৃষ্টিপাত হয়েছে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, আজকের বৃষ্টিপাতের পর আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ৩০ এপ্রিলের পর আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।