শিকারির কাছ থেকে উদ্ধার হওয়া ১৮টি ঘুঘু ও ২টি ডাহুক অবমুক্ত

পটুয়াখালী জেলার মানচিত্র
পটুয়াখালী জেলার মানচিত্র

পেশাদার পাখি শিকারিদের কাছ থেকে উদ্ধার হওয়া ১৮ ঘুঘু ও ২টি ডাহুক আজ শনিবার অবমুক্ত করেছে পটুয়াখালী বন বিভাগ। অ্যানিমেল লাভার অব পটুয়াখালী নামের একটি সংগঠন গতকাল শুক্রবার বিকেলে পটুয়াখালীর সদর উপজেলার ডেউখালী গ্রামের পেশাদার পাখি শিকারিদের বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করে।

সংগঠনটির সভাপতি নওসিন আফরোজ বলেন, ডেউখালী গ্রামে কয়েকজন শিকারি আটকে রাখা পাখি দিয়ে ফাঁদ পেতে দেশি পাখি ধরতেন—এমন খবর পেয়ে গতকাল বিকেলে তাঁদের সংগঠনের সদস্যরা ওই গ্রামে পাখি উদ্ধারে যান। এ সময় তাঁরা ডেউখালি গ্রামের পেশাদার পাখি শিকারি হানিফ হাওলাদার ও সুলতান ফকিরের বাসা থেকে খাঁচায় বন্দী ১৮টি ঘুঘু ও ২টি ডাহুক উদ্ধার করে। এ সময় তাঁরা আর পাখি শিকার করবেন না,মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

নওসিন আফরোজ আরও বলেন, এই শিকারিরা পাখি দিয়ে পাখি শিকার করে সেগুলো বিক্রি করতেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে আরও দুজন শিকারি নিজেরাই শিকার করা পাখি অবমুক্ত করে পালিয়ে যান। পরে তাঁরা উদ্ধার হওয়া পাখি বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বন বিভাগ আজ দুপুর ১২টার দিকে বিভাগীয় বন কর্মকর্তার বাসভবনের সামনে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করে। এ সময় উপস্থিত কর্মকর্তা ও অ্যানিমেল লাভার অব পটুয়াখালীর কর্মীরা উপস্থিত ছিলেন।