এখন ভরা পৌষ। কিন্তু শীত যেন হঠাৎ করেই ঘাপটি মেরেছে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে দিনাজপুরে তাপমাত্রা সবচেয়ে কম, ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরেই যা গতকাল ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পৌষে শীত কমে আসার কারণ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলছে, সাগরে লঘুচাপ আছে। তাই জলীয়বাষ্প আসছে সমতলে। এ জন্য গতকাল উপকূলে অল্পসল্প বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতিয়ায়, ৬ মিলিমিটার। এ ছাড়া পটুয়াখালী ও মাদারীপুর জেলায় ৪, কক্সবাজারে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, এমন উষ্ণ আবহাওয়া চলবে আরও এক-দুদিন। এর পর কাঁপন দেওয়ানোর মতো শীত আবারও ফিরে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে জানান, দেশের ওপর দিয়ে ৫ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।