গরম থেকে স্বস্তি পেতে মাথায় পানি দিচ্ছেন এক রিকশাচালক
গরম থেকে স্বস্তি পেতে মাথায় পানি দিচ্ছেন এক রিকশাচালক

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ ঢাকায়

দেশের কোথাও আজ রোববার তাপপ্রবাহ না থাকলেও গতকালের চেয়ে গরম বেড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকাসহ দেশের তিন স্থানে। এ তাপমাত্রা তাপপ্রবাহের কাছাকাছি হওয়ায় গরমের অনুভূতি অনেক বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, বাতাসের অত্যধিক আর্দ্রতার জন্য গরমের অনুভূতি এত বেশি হচ্ছে। আজকের মতো আগামীকাল সোমবারও গরম থাকবে। আগামীকাল গরম আজকের চেয়ে বাড়তে পারে।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল খুলনা ও চাঁদপুরে।

যদি কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই অনুযায়ী আজ কোথাও নেই। কিন্তু এই তাপমাত্রাও অনেকটা অসহনীয়, এমনটাই বলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি আজ প্রথম আলোকে বলেন, তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি অনেক বেশি। এ সময়টার বৈশিষ্ট্যই এমন। এর কারণ হলো, বাতাসে অত্যধিক আর্দ্রতা আছে।

চলতি মাসে তিন দফায় তাপপ্রবাহ বয়ে যায়। আগামী দুয়েক দিনেও তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা আছে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছেন। তবে এরপর আবার একটি লঘুচাপ আসতে পারে।

গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হয়। এ মাসেও এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি হয়নি। চলতি মাসের শুরুতে এক দিনে ২৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরের দুই দফায় তাপপ্রবাহ অবশ্য এত এলাকায় বিস্তৃত হয়নি।

গত সপ্তাহে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। অবশ্য এর প্রভাব বাংলাদেশের উপকূলে তেমন পড়েনি। ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূলে এর প্রভাবে ভারী বৃষ্টি হয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাত হয়। রাজধানীতেও বৃষ্টি হয়।