আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

ভোটের দিন কোন বিভাগে আবহাওয়া কেমন থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। ওই দিন কোন বিভাগে তাপমাত্রা কেমন থাকতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলের এলাকায় তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকতে পারে। আর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। তবে দেশের কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

চলতি মাসের শুরু থেকেই আবহাওয়া মোটামুটি শুষ্ক আছে। বৃষ্টি নেই বেশ কিছু দিন হলো। এ মাসে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহ হয়নি। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী দু–এক দিন তেমন সম্ভাবনাও নেই।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভোটের দিন ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওই দিন রাজধানীতে কুয়াশা থাকার সম্ভাবনা নেই। তবে বিভাগের নদী অববাহিকা অঞ্চলে সকালের দিকে কুয়াশা থাকতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। অনুভূত তাপমাত্রা হতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

পুরো বিভাগেই মোটামুটি রোদ থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তরাংশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা গেছে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তিন বিভাগের কোনো স্থানেই বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসেও চলে যেতে পারে। এই বিভাগে সকালে দিকে কুয়াশা থাকলেও পরে তা কমে যেতে পারে।

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ বিভাগের নদী অববাহিকায় থাকতে পারে কুয়াশা।

উত্তর–পূর্বাঞ্চলের সিলেট বিভাগের জেলাগুলোয় শীতের তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে। এ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। ওই বিভাগের সর্বনিম্ন থাকতে পারে ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখানে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা সকালের দিকে থাকলেও পরে তা কমে আসবে।

বরিশাল বিভাগ ও খুলনার দক্ষিণ অঞ্চলের সর্বনিম্ন ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ভোটের দিন যে তাপমাত্রার কথা বলা হচ্ছে, তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হতে পারে। যে হাওয়া থাকতে পারে, তা সহনীয় হবে। শীতের তীব্র অনুভূতির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলছিলেন, ভোটের দিন আবহাওয়া বেশ সহনীয় থাকতে পারে। শীতের সামান্য অনুভূতি থাকলেও তা আরামদায়ক হতে পারে। রোদ থাকবে। বৃষ্টির সম্ভাবনাও নেই। সব মিলিয়ে আবহাওয়া চমৎকার থাকবে।