
চলতি অক্টোবরে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। আজ সোমবারও দেশের তিন বিভাগের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে। তবে রাজধানীতে বৃষ্টির যেমন দেখা নেই, আবার গরমও প্রচণ্ড। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। আর সে জন্যই এত গরম। তবে আগামী দুই দিন পর গরম কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি আজ প্রথম আলোকে বলেন, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি আসলে অনেকটাই বেশি। এমন অবস্থা আরও অন্তত দুই দিন থাকতে পারে। তবে আজ ঢাকায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে সাময়িকভাবে গরম কিছুটা কমতে পারে। তবে পরে আবার গরম থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দুই–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়। এর পরিমাণ ছিল ৯১ মিলিমিটার।