আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে ১৮% কম বৃষ্টি, অক্টোবরেও কম বৃষ্টির আভাস

সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি অক্টোবর মাসেও দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে একেবারে বৃষ্টিহীন পরিস্থিতি থাকবে না। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

অক্টোবরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এই পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩১৯ মিলিমিটার। এর বিপরীতে বৃষ্টি হয়েছে ২৬৬ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে সেপ্টেম্বর মাসে দেশে গড়ে ২০ দিন বৃষ্টি হলেও গত মাসে বৃষ্টি হয়েছে ১৭ দিন।

তবে সব বিভাগে বৃষ্টির পরিস্থিতি একই ছিল না। খুলনা বিভাগে স্বাভাবিকের তুলনায় ১২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সেখানে স্বাভাবিক ২৭৭ মিলিমিটারের বিপরীতে ৩১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি ছিল। অন্যদিকে সিলেট বিভাগে স্বাভাবিকের তুলনায় ৪৪ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে কমেছে ৩৮ দশমিক ৫ শতাংশ, রংপুরে ২৯ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে ২৪ দশমিক ৩ শতাংশ।

অক্টোবরেও কম বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকায় স্বাভাবিক বৃষ্টিপাত ১৬০ মিলিমিটার; এ মাসে ১৩০ থেকে ১৬০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহে স্বাভাবিক ১৮০ মিলিমিটারের বিপরীতে ১৫০ থেকে ১৮০ মিলিমিটার এবং চট্টগ্রামে স্বাভাবিক ২১৬ মিলিমিটারের বিপরীতে ১৯০ থেকে ২২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সিলেটে স্বাভাবিক ১৮২ মিলিমিটারের বিপরীতে ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রংপুরে স্বাভাবিক ১৫৫ মিলিমিটারের বিপরীতে ১২০ থেকে ১৫০ মিলিমিটার এবং খুলনায় স্বাভাবিক ১৫০ মিলিমিটারের বিপরীতে ১১০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বরিশালে ১২০ থেকে ২২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ২১১ মিলিমিটার।

তবে রাজশাহীতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত ১০৪ মিলিমিটার; পূর্বাভাসে ১১০ থেকে ১৩০ মিলিমিটার বৃষ্টির কথা বলা হয়েছে।

লঘুচাপ হতে পারে ২–৩টি

অক্টোবরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।

এ মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বেড়ে যেতে পারে।