
বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি একেবারে চলে যাবে, তা কিন্তু নয়। বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে; বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে।
বেলা দুইটার পর থেকেই ঢাকার আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে। আগামীকাল মঙ্গলবার দুপুরের পর থেকেই বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে বলেও জানান আবহাওয়াবিদেরা। তবে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে উঠে বৃষ্টি বেড়ে যেতে পারে।
কয়েকদিন ধরে টানা বৃষ্টির মধ্যে আজ সোমবার আবার দেশের ছয় বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামীকাল থেকে খুলনা বিভাগে বৃষ্টির তীব্রতা কমে যেতে পারে, সিলেটেও কমে যাবে। এ ছাড়া ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জেলা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির তীব্রতা কমে যেতে পারে।
বৃষ্টির তীব্রতা কমে যাওয়া মানে বৃষ্টি একেবারে চলে যাবে, তা নয়, এমনটাই বলছিলেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ‘যে অতি ভারী বৃষ্টি হচ্ছে, তার পরিমাণ কমে যেতে পারে। কিন্তু এক–দুই পশলা বৃষ্টি হতেই থাকবে। একেবারে কমে যাবে না।’
রাজধানীতে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মোট ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামীকাল রাজধানীতে বৃষ্টি থাকলেও এর তীব্রতা আরও কমে আসতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, রাজধানীতে আগামীকাল রোদের মুখ দেখা যেতে পারে সামান্য সময়ের জন্য হলেও। আবার দু–এক পশলা বৃষ্টিও হতে পারে। এ অবস্থা চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত। তবে এরপর আবার বৃষ্টি বেশি হতে পারে।