
স্বাভাবিকের চেয়ে অন্তত ২৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে সদ্য বিদায়ী জুন মাসে। তবে চলতি জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার দেওয়া জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা বলা হয়।
জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর মধ্যেই এক থেকে দুই দফা মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
জুনে বৃষ্টি কমল
দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। এরপরই আছে জুন মাস। তবে সেই জুন মাসে এবার ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সিলেট ও ময়মনসিংহ বাদ দিয়ে বাকি সব বিভাগে অনেক কম বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে। এ বিভাগে ৪২ শতাংশ কম বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে। ঢাকা বিভাগে ৩১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সিলেট ও ময়মনসিংহে যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
জুলাইয়ে বৃষ্টি, আবার তাপপ্রবাহেরও পূর্বাভাস
পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। একই সঙ্গে মাসের বিভিন্ন সময়ে দেশের ওপর দিয়ে এক থেকে দুই দফা মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে তাকে মৃদু তপপ্রবাহ বলা হয়।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর জুলাই মাসে সামগ্রিকভাবে বাড়তে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।