রাত থেকেই বৃষ্টি। আজ রোববার সকাল সাতটার দিকে বৃষ্টি আরও বাড়তে থাকে। চারদিক অন্ধকার হয়ে এসেছিল। যে সময়টার কথা বলছি, তখন রাজধানীবাসীর কর্মস্থলে ছোটার সময়। শিক্ষার্থীদেরও ক্লাস ধরার তাড়া।
সকাল আটটায় সন্তানের পরীক্ষা। শিক্ষাপ্রতিষ্ঠান আসাদগেটে। রাজধানীর মনিপুরি পাড়ার বাসিন্দা ওবায়েদ (ছদ্মনাম) সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন প্রতিদিন যে সময়টায় বেরোন এর একটু আগেই। রিকশা করেই এ পথে যাতায়াত করেন। কিন্তু স্ট্যান্ডে গিয়ে দেখেন সেখানে গোটা দুই রিকশা। কোনো চালক যেতে রাজি নন। খানিকটা অপেক্ষার পর একটি সিএনজিচালিত অটোরিকশা পেলেন তাঁরা। সেই অটোরিকশা ভালোমতোই এগোচ্ছিল। কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ের কাছে যেতে বিশাল যানজট। পরীক্ষার সময় আগত। অটোরিকশায় যানজটে আটকে থাকেন ওবায়েদ। বৃষ্টির মধ্যেই ছুটতে হয় তাঁর সন্তানকে, শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে। রাস্তার অনেক স্থানে পানি জমে গিয়েছিল। তাতেই এ যানজট।
এমন নানা ঝক্কির মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল শুরু হয়। রাজধানীর বিভিন্ন স্থানে ছাতা মাথায় অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহনের অপেক্ষায়। সকাল সোয়া আটটার পর বৃষ্টি কমতে থাকে।
সকালে বৃষ্টি ঝরিয়ে, নগরবাসীকে চরম দুর্ভোগে ফেলে আবার আগুনরোদ ঝরাচ্ছে আকাশ। সকাল সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখার সময় রাজধানীর তাপমাত্রা মাত্র এক ঘণ্টার মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে আবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।
গতকাল শনিবার দিবাগত রাত তিনটা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত রাজধানীতে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য। অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, রাজধানীর জন্য এটা অনেক বৃষ্টি।
৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়। এর চেয়ে বেশি হলে তা অতিভারী বৃষ্টি বলে গণ্য করা হয়।
এখন এই মৌসুমি বায়ু আসার আগের সময়টার বৈশিষ্ট্যই এমন। হঠাৎ করে প্রচণ্ড গরম। সেখানে থেকে কখনো সৃষ্টি হয় মেঘ, বজ্রবৃষ্টি। বৃষ্টির রেশ শেষ হতেই আবার গরম বেড়ে যায়। যেমন আজকেই।
সকাল সাড়ে সাতটার দিকে যখন ঠান্ডা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ঝরছিল, তখন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল সাড়ে নয়টায় তাপমাত্রা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলছিলেন, ‘এখন গরমের অনুভূতি অনেকটাই বেশি থাকে। যাকে বলে ভ্যাপসা গরম। বাতাসে প্রচুর আর্দ্রতা মিশে থাকে। তাতেই গরমের অনুভূতি বাড়ে।’
আজ সকালে রাজধানীতে বৃষ্টি ঝরিয়ে মেঘমালা সরে গেছে নরসিংদী ও কুমিল্লার দিকে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, সকালে বৃষ্টি হয়েছে নোয়াখালী, কুমিল্লা, উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, গাইবান্ধা ও ঢাকার কাছের টাঙ্গাইলে। আজ বিকেল অথবা সন্ধ্যায় রাজধানীতে আবার বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।