বায়ুদূষণ
বায়ুদূষণ

বায়ুদূষণ আজ আরও বাড়ল, ঢাকা বিশ্বে দ্বিতীয়

রাজধানীতে গতকাল বুধবার ঝুম বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের হিসাবে, দুই ঘণ্টায় ৩১ মিলিমিটার হয়েছিল গতকাল। বৃষ্টি হলে সাধারণত রাজধানীর বায়ুর মান ভালো হয়। আর এই জুন মাসের এ সময়ে দূষণ এমনিতেই কম থাকে। তবু আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২২ নগরীর মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা। আর এ নগরীর আট স্থানের বায়ুর মান বেশি খারাপ।

আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৬৭। বায়ুর এ মান মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। দূষণ শ্বাসকষ্টজনিত নানা অসুখ সৃষ্টি করতে পারে।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে আছে উগান্ডার কাম্পালা। এ নগরীতে বায়ুর মান ১৭৩। সার্বিকভাবেই আজ বায়ুদূষণ বিশ্বে কম। সাধারণত এপ্রিল মাসের পর থেকেই বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ নগরীর আট এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁও এলাকা। এ এলাকার বায়ুমান ১৯১। বায়ুর মান ১৫০ হলেই তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০০ হলে তা হয় ‘খুব অস্বাস্থ্যকর’। আজ আগারগাঁওয়ের পর দূষণের তালিকায় আছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৭৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৩), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৬৮), বারিধারা লেক সাইড (১৬৫), বারিধারা পার্ক রোড (১৬৩), গুলশান লেক পার্ক (১৬১) ও বেচারাম দেউড়ি (১৫৩)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এটি বেশি প্রযোজ্য সংবেদনশীল গোষ্ঠীর জন্য। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে আজ। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।