‘হর্ন বন্ধের আইন আছে, কিন্তু কেউ মানে না।’ বাংলাদেশে হর্ন বন্ধের ক্ষেত্রে কথাটি প্রায় শতভাগ সত্যি। বিশেষ করে ঢাকা শহরে প্রতিদিনই হর্নের আইন ভাঙার মহোৎসব চলে যেন। চালকদের দেখে মনে হয়, আইন না–মানাতেই যত আনন্দ। অতিরিক্ত হর্ন আজ পরিণত হয়ছে শব্দত্রাসে। এই শব্দত্রাস আমাদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছে। হর্নের এ যন্ত্রণাকে বলা যায়, নীরব ঘাতকের সরব ছোবল।
রাজবাড়ী সদর হাসপাতালের নাক-কান-গলাবিশেষজ্ঞ ডা. নূরে আলম বলেন, ‘বর্তমানে আবাসিক ও শিল্পকারখানা এলাকা সবই এক হয়ে গেছে। অতিরিক্ত শব্দদূষণের কারণে বেশির ভাগ মানুষ কানে কম শুনছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কানে কম শোনার মাত্রা বেড়ে যেতে থাকে। হাসপাতালে প্রতিদিন ১০০ থেকে ১২০ জন রোগী দেখি। যাঁদের মধ্যে প্রায় অর্ধেক রোগী পাই, যাঁরা কানে কম শুনছেন। এ রকম রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’
সম্প্রতি ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এক জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, রাজধানীতে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় গুলশান-২ চত্বরে। গবেষণায় ২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ঢাকা শহরের ১০টি স্থানে বায়ু ও শব্দের মান পর্যবেক্ষণ করা হয়। ১০টি স্থানের প্রতিটিতে দিনে ও রাতে চার ঘণ্টা করে বায়ু ও শব্দের মানযন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করে মোট ৫২০টি নমুনা সংগ্রহ করা হয়। ঢাকার ১০টি স্থানের মধ্যে গুলশান-২ এলাকায় শব্দের সর্বোচ্চ মান পাওয়া যায়। সেখানে শব্দের মান ছিল ৯৫ দশমিক ৪০ ডেসিবেল, যা আদর্শ মান (৫৫ ডেসিবেল) থেকে ১ দশমিক ৭ গুণ বেশি। গুলশান-২ এলাকায় ১৩২ ডেসিবেল পর্যন্ত উচ্চ শব্দের অস্তিত্ব পাওয়া যায়। এ ছাড়া তেজগাঁও এলাকায় ৮৯ ডেসিবেল, আবদুল্লাহপুর এলাকায় ৯৫ ডেসিবেল ও জাতীয় সংসদ এলাকায় ৩১ ডেসিবেল মাত্রার শব্দ পাওয়া গেছে। এ থেকেই বোঝা যায়, ঢাকা শহরের মানুষের কাছে শব্দদূষণ আজ শব্দত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, ‘একটা দেশের উন্নয়ন যদি করতে হয়, অর্থনৈতিক কাঠামো যদি এগিয়ে নিতে হয়, তাহলে তার প্রভাব পরিবেশের ওপর পড়বে। শব্দদূষণ একটা মাত্রায় বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু এসব এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’
ঢাকার মহানগর প্রজেক্ট আবাসিক এলাকার বাসিন্দাসহ হাতিরঝিলের আশপাশের বসবাসরত মানুষেরা রাতে হর্নের কারণে অতিষ্ঠ। রাত যত গভীর হয়, হর্নের পরিমাণ ও তীব্রতা ততই বাড়তে থাকে। হাতিরঝিলের দায়িত্বরত প্রশাসনের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১২টার হাইড্রোলিক হর্নযুক্ত বাইক ও গাড়ি ফাঁকা হাতিরঝিলে প্রতিযোগিতায় নামে। বাইক ও গাড়ির গতির সঙ্গে সমানতালে বাড়তে থাকে হর্নের শব্দ। হাতিরঝিলে টহলরত নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, প্রতি রাতেই ১২টার পর বাইক ও গাড়ি নিয়ে হাতিরঝিলে আড্ডা দিতে আসেন তরুণ-তরুণীরা। আমরা টহল দেওয়ার পরও তাঁদের থামানো যায় না। মাঝেমধ্যে দুই-একজনকে জরিমানা করতে যাই। কিন্তু ওপরমহলের ফোনে সেই জরিমানাও করতে পারি না। কারণ, এখানে যাঁরা আসেন, তাঁদের বেশির ভাগের বাবা-চাচারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা। তাই তাঁদের কাছে আমরাও অসহায় হয়ে যাই।’
মহানগর প্রজেক্টের বাসিন্দা আলমগীর হোসেন (৬৫) একজন হৃদ্রোগী। যাঁর বাইপাস সার্জারি হয়েছে। রাতে বাইক ও গাড়ির হর্নের শব্দে তিনি ঘুমাতে পারেন না। তাঁর সন্তান রাকিব হোসেন জানান, উচ্চ হর্নের সমস্যার কথা অনেকবার থানায় জানিয়েছি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হর্নের কারণে রাতে না ঘুমাতে পেরে বাবা আরও অসুস্থ হয়ে যাচ্ছেন। শুধু আলমগীর হোসেনেই নন, হাতিরঝিলের অনেক বাসিন্দাই রাতে হর্নের কারণে বিরক্ত। বিশেষ করে যাঁদের বাসায় বৃদ্ধ ও শিশুসন্তান রয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ব্যক্তিগতভাবে সচেতন না হলে কখনোই ঢাকা শহর হর্নের শব্দত্রাস থেকে রক্ষা পাবে না। এ ব্যাপারে আইন প্রয়োগের পাশাপাশি এর প্রয়োগও নিশ্চিত করতে হবে।