চৈত্রের খরতাপ থেকে রেহাই পেতে মাথায় গামছা জড়িয়ে সাইকেল চালাচ্ছেন চালকেরা। ছবিটি রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে তোলা। ৩ এপ্রিল
চৈত্রের খরতাপ থেকে রেহাই পেতে মাথায় গামছা জড়িয়ে সাইকেল চালাচ্ছেন চালকেরা। ছবিটি রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে তোলা। ৩ এপ্রিল

ঢাকাসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, থাকতে পারে আগামীকালও

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ শুক্রবারও দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালও এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজ রাজধানীতেও তাপমাত্রা বেড়ে গেছে গতকালের চেয়ে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজশাহী ও খুলনা বিভাগের সর্বত্র এবং ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

রাজশাহী ও খুলনা বিভাগে মোট জেলার সংখ্যা ১৮টি। এর সঙ্গে ৯ জেলা যুক্ত হয়ে মোট ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ছাড়া বাকি যে আট জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেই জেলাগুলো হলো ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী।

যখন কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে তখন সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপপ্রবাহের মাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা হয় মাঝারি তাপপ্রবাহ। আর কোনো এলাকায় ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হয়ে গেলে তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সে অনুযায়ী আজ দেশের কয়েকটি এলাকায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

প্রচণ্ড গরমে ছাতা মাথায় নৌকাযোগে পার হচ্ছেন দুই যাত্রী। বুড়িগঙ্গা নদী, ঢাকা

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে রাজশাহী। দেশের উত্তরের এই নগরীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজধানীতেও বইছে তাপপ্রবাহ। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, আগামীকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে রোববার থেকে দেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। তাতে তাপপ্রবাহ কমে যেতে পারে সাময়িকভাবে।