পাখি

পাতিঘুঘুর চাপা কান্না

পাতিঘুঘুর ছবি ঢাকা শহর থেকে তুলেছেন এম এ সাদেক
পাতিঘুঘুর ছবি ঢাকা শহর থেকে তুলেছেন এম এ সাদেক

ফুট দশেক উঁচু হবে ঘন পাতায় ছাওয়া গাছটি। ওটারই সরু সরু চারখানা ডালের ফাঁকে পাতিঘুঘুর বাসা। ওই বাসাটির খবর আমি রাখি। বাসায় উড়ু–উড়ু ছানা আছে দুটি। গাছটি থেকে অল্প দূরের ফাঁকা জায়গায় টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছে পাঁচ–ছয়জন বালক। ব্যাটের হিটে বল গিয়ে পড়ল ঝাঁকড়া গাছটির মাথায়, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে একটি ছানা মাটিতে পড়ল লাফ দিয়ে। বালকেরা উল্লাসে ধাওয়া করে দৌড়রত ছানাটিকে ধরে ফেলল। একজন গাছে চড়ে অন্য ছানাটিকেও পেড়ে আনল। কী খুশি ওরা! এ সময়ে মা-বাবা ঘুঘু উড়ে এল, দৃশ্য দেখে অস্থির ওড়াউড়ি শুরু করল, চোখে চরম অসহায়ত্ব, গলায় চাপা কান্না। সে কান্নার ভাষা ও চোখের করুণ ভাষার বর্ণনা দেওয়া সম্ভব নয়।

বালকেরা ফিরতি পথ ধরে প্রায় ২০০ ফুট চলে এল, গলা থেকে কাতরানির মতো শব্দ বের করতে করতে ঘুঘু দম্পতিও ফলো করছে ওদের। দৃশ্যটি দেখে ও বুঝে চারজন ভদ্রমহিলা রুখে দিলেন ছেলেগুলোকে। ছানা দুটিকে আবারও বাসায় রেখে দিতে বাধ্য করলেন। ধমক দিলেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বলে ভেতরে ঢোকা নিষেধ করারও হুমকি দিলেন। আমি দূরে ছিলাম। এগিয়ে গিয়ে ওনাদের ধন্যবাদ দিলাম। ওনারা রোজ বিকেলেই জগিং করতে আসেন মুগদাপাড়া ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চত্বরে। আমিও প্রায়ই যাই।

বাসা থেকে ছানা নিয়ে কেউ বাড়িমুখো হলে মা-বাবা ঘুঘু ফলো করে বাড়ি পর্যন্ত যায়। খাঁচাবন্দী ছানা নজরে পড়লে দু–তিন দিন পর্যন্তও আঙিনায় উড়ে-ঘুরে গুমরে গুমরে কাঁদে।

‘ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি’ কথাটার সঙ্গে গ্রামবাংলার অনেকেই পরিচিত। আমার গ্রামের ‘ঘুঘু কাশেম’ (৮৪), ‘ঘুঘু অফি’ (৮০) বেঁচে আছেন আজও। ‘ডাহুক আফসার’ ও ‘কোড়া ফকির’ মারা গেছেন। ঘুঘু অফি হরবোলা। তিনি কোড়া ও ডাহুকের ডাক হুবহু নকল করে বুনো কোড়া-ডাহুককে কাছে আনতে পারতেন। ছেলেবেলায় নেশার ঘোরে আমরা উল্লিখিত চার শিকারির পিছু নিতাম। তাঁদের শিকারের কৌশল দেখতাম। ফাঁদে ঘুঘু পড়লে মেয়ে ঘুঘুটিও ছটফট করত, চাপা কান্নায় চারপাশে শোকের আবহ ছড়িয়ে দিত।

ছেলেবেলায়ই আমরা জেনেছি ও দেখেছি যে পোষা পুরুষ কোড়া-ডাহুক-ঘুঘুর সামনে আয়না ধরলে ওরা আয়নার ভেতরে নিজেদের দেখে প্রতিদ্বন্দ্বী ভেবে প্রবল বিক্রমে আক্রমণ করতে চায়। সেই যুদ্ধংদেহী ভঙ্গি দারুণ শিল্পিত ও দর্শনীয়। উল্লেখ্য, এই পুরুষ পাখিগুলো তার রাজত্বে অন্য পুরুষকে একদম সহ্য করতে পারে না—প্রজনন মৌসুমে তো খেপে আগুন হয়ে যায়। এই সুযোগটাই কাজে লাগান শিকারি।

‘ঘুঘু চরানো ভিটে’, ‘বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান’ ইত্যাদি কথাগুলো প্রচলিত মূলত এই পাতিঘুঘুকে নিয়েই। সারা দেশে দেখতে পাওয়া এই ঘুঘু তিলাঘুঘু, ছিটঘুঘু ইত্যাদি আরও নামে পরিচিত। এদের করুণ ডাকে যেন বিষণ্নতা ও দুঃখ মিলেমিশে থাকে।

এটির ইংরেজি নাম Western Spotted Dove। বৈজ্ঞানিক নাম spilopelia suratensis। ঢাকা শহরে এরা আছে। নিয়মিত বাসাও করে।