প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস-২০২৬ উপলক্ষে ছাত্র-যুব সমাবেশে বক্তব্য দেন স্থপতি ইকবাল হাবিব। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৭ মে ২০২৬
প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস-২০২৬ উপলক্ষে ছাত্র-যুব সমাবেশে বক্তব্য দেন স্থপতি ইকবাল হাবিব। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৭ মে ২০২৬

প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন হতে পারে না: ইকবাল হাবিব

স্থপতি ইকবাল হাবিব বলেছেন, প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন হতে পারে না। প্রতিটি গাছ কাটা মানে ভবিষ্যৎ প্রজন্মের শ্বাস নেওয়ার অধিকার কেড়ে নেওয়া। নগর-পরিকল্পনায় পরিবেশ ও বৃক্ষ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস-২০২৬’ উপলক্ষে এক ছাত্র-যুব সমাবেশে ইকবাল হাবিব এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস এ সমাবেশের আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, গাছ শুধু পরিবেশের নয়, মানুষের বেঁচে থাকার অন্যতম ভিত্তি। উন্নয়নের নামে নির্বিচার বৃক্ষনিধন বন্ধ করতে হবে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করতে হবে।

জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব রুস্তম আলী খোকন বলেন, তরুণসমাজকে পরিবেশ আন্দোলনে আরও সক্রিয় হতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলন এখন জীবন রক্ষার আন্দোলনে পরিণত হয়েছে।

বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস বলেন, নদী, খাল, জলাশয়, গাছ—সবই একই পরিবেশব্যবস্থার অংশ। এগুলো রক্ষা না করলে ভবিষ্যৎ বাংলাদেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

সমাবেশে সভাপতির বক্তব্যে গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সহসমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবসের মূল আহ্বান হচ্ছে, ‘নির্বিচার গাছ কাটা বন্ধ করো, সারা দেশে পর্যাপ্ত গাছ লাগাও ও পরিচর্যা করো’। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো বাঁচিয়ে রাখতে হবে।

সমাবেশে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রিন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সহসমন্বয়ক তরিকুল ইসলাম, শাকিল কবির, ফাহমিদা নাজনীনসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। সমাবেশ সঞ্চালনা করেন সহসমন্বয়ক আরিফুর রহমান।

সমাবেশে ঢাকা শহরের গ্রিন ভয়েসের ১৮টি ইউনিটের নেতারা সংহতি বক্তব্য দেন। গ্রিন ভয়েসের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, সরকারি বাঙলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ইডেন মহিলা কলেজ, হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ শাখার শিক্ষার্থীরা এ সমাবেশে অংশ নেন।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা করে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।