সিত্রাংয়ে বরিশাল ও মাদারীপুরে রেকর্ড বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বরিশালে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বরিশাল ও মাদারীপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলেছে, সিত্রাংয়ের প্রভাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সিত্রাংয়ের প্রভাবে দুপুরের পর উপকূলীয় জেলাসহ সারা দেশ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। এ সময় চট্টগ্রাম ও কক্সবাজারে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, সিত্রাংয়ের প্রভাবে বরিশালে দেশের সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এখানে। আর মাদারীপুরে বৃষ্টিপাত হয় ৩১৫ মিলিমিটার। এর আগে বরিশালে সর্বোচ্চ ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয় ২০১৯ সালের ১০ নভেম্বর। আর এর আগে মাদারীপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ১৯৯৫ সালের ১২ জুন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বরিশাল ও মাদারীপুরে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এ দুই অঞ্চলে এর আগেও ঘূর্ণিঝড় আঘাত করেছে। তবে এবার ঘূর্ণিঝড় সিত্রাং অনেক বেশি বৃষ্টি ঝরিয়েছে।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে সিত্রাংয়ের অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপর রাত নয়টার পর মূল অংশ আঘাত হানে। রাত একটার পর উপকূলে এর প্রভাব কমে আসে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রাত সাড়ে নয়টার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হয় ঘণ্টায় ৭৪ কিলোমিটার। এর কাছাকাছি সময়ে চট্টগ্রামেও বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার, ভোলায় ৬৫ কিলোমিটার। রাত আড়াইটায় গোপালগঞ্জে সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার।