
বান্দরবান শহর ছাড়িয়ে কিছু দূর গিয়ে দীঘিনালায় যাওয়ার পথে পড়ল তংথাক পাড়া। রাস্তা থেকে উঁচু পাহাড়ের ঢালে সেই পাড়ায় উঠতে উঠতে চোখে পড়ল ঝোপ–জংলার মধ্যে কলাগাছ পেঁচিয়ে ও বড় একটা গাছকে ছাপিয়ে উঠে গেছে লতানো অনেকগুলো গাছ।
সামনে একটা ঝিরি পড়ল, ঝিরির ওপরে সেতু। নিচে ঝিরির কিনারে বাঁশঝাড়ের ওপরেও সেই লতানো গাছ। সেসব লতায় দুলছে আকাশি রঙের নীলাভ ফুল। ভারি সুন্দর লাগছে দূর থেকে দেখতে।
শরতের শুরুতে যাই মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে। সেখানকার চার নম্বর নেট হাউসের একপাশ ধরে ছেয়ে গেছে সেই লতা, অসংখ্য নীলাভ ফুলে আলো হয়ে আছে সবুজ পাতারা। এমন ফুল দেখে তাই মনে পড়ল কবি আবু হেনা মোস্তফা কামালের সেই গান, ‘আমি সাগরেরও নীল নয়নে মেখেছি/ ঐ চৈতালী রাতে ফুল কঙ্কন পরেছি/ দখিনও হাতে-বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আর/ কণ্ঠে পরেছি গানের অলংকার।’
ফুলগুলো যেন শরত আকাশের নীল রং চুরি করে হয়েছে রূপসী। সে জন্য হয়তো নিসর্গী দ্বিজেন শর্মা এ ফুলগুলোর নাম দিয়েছিলেন নীলবনলতা, অন্য নাম নীলাতা বা নালাতা। ইংরেজি নামের সঙ্গে শরতের নীল আকাশ ও এই ফুলের দারুণ মিল রয়েছে। এ জন্য বোধ হয় এর ইংরেজি নাম রাখা হয়েছে ব্লু স্কাইফ্লাওয়ার। অন্য নাম বেঙ্গল ক্লকভাইন বা বেঙ্গল ট্রাম্পিট।
কেননা এ গাছের আদিনিবাস বাংলাদেশ ও ভারত। ফুল ঘণ্টার মতো, হালকা নীল রঙের পাঁচটি পাপড়ির কিনারা ঢেউখেলানো। পাপড়ির সামনের কিনারা যুক্ত না হলেও গোড়ার দিকে যুক্ত হয়ে ফাঁপা নলের মতো হয়। এই নলের মতো অংশের ভেতরে চমৎকার হলদে আভার সঙ্গে থাকে গাঢ় নীলের ছোপ। সত্যিই প্রকৃতির এই অপূর্ব রংবিন্যাসের জিনরহস্য বোঝা মুশকিল! জানি না কোনো শিল্পীর তুলিতে সে রং ফুটবে কি না! এ দেশে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি জঙ্গলে নীলবনলতা বেশি দেখা যায়। চাকমা ভাষায় এর নাম দেলদি পাতা, বম ভাষায় জাউংঘিলান। অ্যাকান্থেসি পরিবারের এ লতার উদ্ভিদতাত্ত্বিক নাম Thunbergia grandiflora।
এই গাছ সাধারণত বনজঙ্গলেই জন্মে। এখন লালন করা হচ্ছে বাগানের শোভা বাড়াতে আর প্রাচীরের মতো তুলে অসুন্দর জায়গা আড়াল করতে। জাতীয় উদ্ভিদ উদ্যানের বাগানের মালি মো. আবদুল আলীম বলেন, ওখানে এ গাছটি লাগানো হয়েছিল প্রায় ৩০ বছর আগে। আসাম লতা ও তেলাকুচার মতো এটাও আগ্রাসী গাছ, দ্রুত বাড়ে আর সহজে মরে না। গাছ কষ্ট সইতে পারে। গাছের লতা কাষ্ঠল ও বেশ শক্ত। পাতা দেখতে অনেকটা ঝিঙা বা ধুন্দুলপাতার মতো। তবে ওসব পাতার চেয়ে নীলবনলতার পাতা ছোট—পাতার কিনারা পাঁচটি কোনাবিশিষ্ট ও খসখসে।
এর শিকড় যত দূর যায়, সেখানে শিকড় থেকেই আবার গাছ গজায়। সেখান থেকে গাছ তুলে লাগালে নতুন গাছ জন্মে। তা ছাড়া বীজ বুনে ও লতা কেটে লাগালে তা থেকেও চারা হয়। অবলম্বনের জন্য যা পায়, গাছের লতা তাতেই পেঁচিয়ে বাড়তে থাকে।
লতা বাড়তে বাড়তে প্রায় ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। প্রায় সারা বছরই কিছু না কিছু ফুল ফোটে। গত বছর ডিসেম্বরে ঢাকায় গুলশানে ইউএন রোডের পাশে এক বাড়ির দেয়ালে দেখেছিলাম নীলবনলতা ফুল। তবে বর্ষায় ফুল ফোটে সবচেয়ে বেশি, শরতের পর ফোটে খুব কম। ফুল আবার ফুটতে শুরু করে মার্চ থেকে।
মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক