বৃষ্টি
বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া

হেমন্তের এই সময়ে আজ বুধবার খুব সকালে রাজধানীতে যেন ভর করেছিল ঘন বর্ষার আষাঢ়। সকাল ৬টার একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়, আর থামে সাড়ে ছয়টার পর। যেনতেন বৃষ্টি নয়। মেঘের গর্জন, ঘন ঘন বিদ্যুতের চমক আর সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর সূত্র সকাল আটটার দিকেও এ বৃষ্টির পরিমাণ জানাতে পারেনি। তবে এটুকু জানিয়েছে, শুধু রাজধানী নয়। আজ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের গাইবান্ধা, বগুড়া, ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ নানা স্থানে। আর এই বৃষ্টির কারণে তাপমাত্রা আজ অনেকটা কম থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এখনই যে ধারাবাহিকভাবে তাপমাত্রা কমবে, তা নয়। এ জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, যথেষ্ট বৃষ্টি হয়েছে আজ ভোরের দিকে। তবে এর পরিমাপ এখনো করা যায়নি। আর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

এ সময়ে হঠাৎ এত বৃষ্টি কেন, যেন ঘূর্ণিঝড়ের সময়ের বৃষ্টির মতো?

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থলভাগে একটি লঘুচাপ ছিল। এর প্রভাবে এ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হয়েছে।

আর এই বৃষ্টির প্রভাবে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সূত্র। আগামী শুক্রবার আবার একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস আছে। সে সময় তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে। চলতি মাসের ১৮ তারিখের পর থেকে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমতে পারে বলে জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম।

গত সোমবার সন্ধ্যার রাজধানীতে বৃষ্টি হয়। তার সঙ্গে ছিল বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি। প্রায় এক মাস পর এতটা বৃষ্টি হয়েছিল সেদিন। গতকাল মঙ্গলবার দিনে গরম বেড়েছিল। রাজধানীর তাপমাত্রা গতকাল ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।