এত গরম কেন, কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

রাজধানীতে গতকাল সোমবার বৃষ্টি হয়েছে বেশ খানিকটা। গতকাল সকাল থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এ বৃষ্টিতে তাপ কিছুটা কমেওছিল। আজ সকাল থেকেই আকাশে মেঘ ছিল। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এরপর চড়া রোদ। তাতে গরম বেড়েছে অনেকটা। একটা গুমোট ভাব। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, অন্তত তিন কারণে এমন গরম। আর এ পরিস্থিতি শিগগিরই পরিবর্তন হচ্ছে না।

এমন গুমোট পরিস্থিতি কেন—জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে তিন কারণের কথা উল্লেখ করেন। এক, আকাশ অনেকটা মেঘমুক্ত, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের। তাই সূর্যকিরণ প্রখরভাবে পড়ছে। দুই, দেশের মধ্যে ঘূর্ণিবায়ু থাকলেও বাতাসের গতিবেগ কম। তিন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি।

ঢাকায় এত গরমের কারণ হিসেবে আবুল কালাম মল্লিক বলেন, বৃষ্টি হয়ে মাটি ভিজে আছে। আর এর ওপর সূর্যের তাপ পড়ে বাষ্পীভবন হচ্ছে। বাড়ছে গরম। মৌসুমি বায়ু সক্রিয় থাকার এ সময় পরিস্থিতি এমন থাকে। কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও খানিকটা কমবে। আগামী শুক্রবারের পর থেকে বৃষ্টি হতে পারে আবারও।

আজ বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কদিন আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকার ভারতের পশ্চিম মধ্যপ্রদেশ ও এর কাছাকাছি এলাকায় আছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।