ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যে বৃষ্টি চলছে, তা আজ মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। রাজধানী ঢাকাতেও দিনের কোনো এক সময় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপের প্রভাব আজও থাকবে। তবে মঙ্গলবার থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে; পাশাপাশি উপকূলীয় অঞ্চল—খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকার আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির কারণে যেসব এলাকায় বেশি বর্ষণ হবে, সেখানে ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ২৭৭ মিলিমিটার, কুতুবদিয়ায় ২৫৪ মিলিমিটার, চট্টগ্রামে ২০৬ মিলিমিটার ও বান্দরবানে ১৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময়ে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি নিম্নচাপের প্রভাব কমে না যাওয়া পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।