বৃষ্টি
বৃষ্টি

সাগরে নিম্নচাপ, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীকাল শুক্রবার থেকে বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে। এর প্রভাব রাজধানীতেও পড়তে পারে। তবে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে আগামী রোববার থেকে। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।

ইতিমধ্যে সাগরের এ অবস্থার জন্য দেশের চার বন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে। এর মধ্যে আবার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতেও সতর্কসংকেত দেওয়া হয়েছে। তবে এ দফায় খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। অন্তত গত মাসের শুরুতে যেমন প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার আশঙ্কা এবার আাপাতত নেই। তবে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ–নদীর পানি বাড়তে পারে। আর রোববার থেকে গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার নদ–নদীর পানি বাড়তে পারে।

আজই সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়। এটি সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ছিল। এটি মূলত স্থল নিম্নচাপ। এর প্রভাব এত দ্রুত বোঝা যাবে না। তবে আগামীকাল খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে আগামীকাল থেকে। তবে রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। আসলে আগামী সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। তবে দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যায়, রোদ ওঠে। এ সময় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবুল কালাম মল্লিক বলেন, রাজধানীতে আগামীকাল শুক্রবার দুপুরের দিকে বৃষ্টি হতে পারে। শনিবারও কিছুটা বৃষ্টি হতে পারে। তবে রোববার থেকে এখানে বৃষ্টি বাড়তে পারে।

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারের ১৫১ মিলিমিটার।

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ইতিমধ্যে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বেলা ৩টার দিকে এ সংকেত দেওয়া হয় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য।