
আন্দামান সাগরের লঘুচাপটি নিম্নচাপ থেকে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, গভীর নিম্নচাপের প্রভাবে আজ দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাতেও। আর গভীর নিম্নচাপের কারণে দেশের তিন সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির প্রভাব কেটে যাবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান আজ সকালে প্রথম আলোকে বলেন, গভীর নিম্নচাপটি এখন মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আজ মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস জানিয়ে আবদুল মান্নান বলেন, রংপুর ও ময়মনসিংহ বাদ দিয়ে দেশের বাকি ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতে আজ এবং আগামী দুই দিন বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান আরও বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’। নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের দিকেই এগিয়ে আসছে। এ ছাড়া মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।