
প্রকৃতির নিয়মে সাগরে প্রতি মাসে দুবার ভরাকটাল বা বড় জোয়ার হয়। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মিলিত শক্তির টানে যে তীব্র জোয়ার সৃষ্টি হয়, তাকে ভরা জোয়ার বা তেজ কটাল বা ভরাকটাল বলে।
অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, চাঁদ ও আমাদের পৃথিবী প্রায় একই সরলরেখায় চলে আসে। অমাবস্যার সময় পৃথিবীর একই পাশে চাঁদ ও সূর্য অবস্থান করে। আর পূর্ণিমার সময় সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করে।
তাই এই দুই সময় সূর্য ও চাঁদের মিলিত আকর্ষণে জোয়ারের জায়গায় খুব বেশি মাত্রায় জলস্ফীতি হয় এবং ভাটার টানে জলস্তর বেশি মাত্রায় নেমে যায়।
তবে ভাদ্রের পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের তেজ অন্য রকম। সাধারণত বর্ষার জোয়ারগুলোর উচ্চতা বেশি হয়। ‘ভরা ভাদরের’ জোয়ারের সব মাত্রা ছাড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে।
এবার ভারী বর্ষার খবর কম। কিন্তু জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে সর্বনাশের খবরের অভাব নেই। বেড়িবাঁধ দুর্বল নাকি জোয়ারের চাপ বেশি, তা নিয়ে ‘তর্ক’ চলছে, চলবে।
গত শ্রাবণের জোয়ারে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামে কপোতাক্ষপাড়ের অস্থায়ী রিংবাঁধ ভেঙে যায়। গত ১৪ আগস্ট বেলা আড়াইটার দিকে ১৫০ মিটার এলাকা ভেঙে ৪টি গ্রাম প্লাবিত হয়।
অন্যদিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পাবনা ও সুতিবাজার, বাগালী ইউনিয়নের শ্যাওড়াপাড়া গুচ্ছগ্রাম, হোগলা ইউনিয়ন, কয়রা সদর ইউনিয়ন ও উত্তর বেদকাশী ইউনিয়নের কয়েকটি স্থানের বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে।
তার প্রায় এক মাস আগে ১৭ জুলাই ভোররাতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভাটার টানে ভেঙে যায়। পরদিন ১৮ জুলাই হাজারো মানুষ স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ দিয়ে পানি আটকাতে সক্ষম হন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই স্থানে টেকসই কোনো কাজ না করায় জোয়ারের পানির চাপে রিংবাঁধ ভেঙে আবার বিস্তীর্ণ জনপদ লোনাপানিতে সয়লাব হয়ে যায়।
খুলনার পাইকগাছায় শিবসা নদীর জোয়ারের পানিতে পাউবোর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভেসে যায় কয়েক শ ছোট-বড় মাছের ঘের। বসতবাড়িতে ঢুকে পড়ে লোনাপানি।
সোলাদানা ইউনিয়নে পাউবোর ২৩ নম্বর পোল্ডারের বয়ারঝাঁপা এলাকার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে প্রায় ৩০ ফুট বাঁধ ভেঙে পানি ঢুকতে থাকলে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শ্রাবণের জোয়ারে শুধু কয়রা-পাইকগাছা নয়, ক্ষয়ক্ষতি হয়েছে অন্যান্য রক্ষিত-অরক্ষিত উপকূলীয় এলাকায়ও।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া, ধানখালী, চম্পাপুর ও মহিপুর ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়। আষাঢ়ের জোয়ারেও তারা ভুগেছিল।
পটুয়াখালী শহরের প্রধান সড়কে হাঁটু পরিমাণ পানি জমে যায়। কলেজ রোড এলাকায় লোহালিয়া নদীর বাঁধ উপচে বিভিন্ন পয়েন্ট দিয়ে শহরের মধ্যে হু হু করে পানি ঢোকে। স্বনির্ভর সড়ক, চরপাড়া, পুরান বাজার, মহিলা কলেজ সড়ক, পৌরসভা মোড়সহ অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলের গ্রামগুলো পানিতে তলিয়ে যায়।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ২ নম্বর ওয়ার্ডের সিকদারবাড়ি–সংলগ্ন এলাকার বেড়িবাঁধটি নিচু। তাই বাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ করে এলাকা প্লাবিত হয়। বাঁধটি উঁচু করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পাউবোকে বলা হয়েছে।
পায়রা নদীর জোয়ারের পানিতে ডুবে যায় বরগুনার আমতলী ফেরিঘাট। বাগেরহাটের মোরেলগঞ্জ বাজার কোমরসমান পানিতে ডুবে যায়।
খুলনার রূপসা নদীর তীরবর্তী মাছ কোম্পানির ভিআইপি ঘাটসংলগ্ন সড়ক ডুবে যায়। নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চরমণ্ডলিয়া এলাকা তলিয়ে যায়। ভেঙে যায় বরগুনার বেতাগী বেড়িবাঁধ। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চত্বরও তলিয়ে যায় জোয়ারের পানিতে।
চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পানি আটকে থাকে। কক্সবাজারের কলাতলী শুকনাছড়ি সাগরতীরের অন্তত ১৫টি বসতবাড়ি ছাড়াও শহরের লাবণী পয়েন্ট, শৈবাল পয়েন্ট, ডায়াবেটিক পয়েন্টসহ সৈকতের বিস্তীর্ণ ঝাউবন ক্ষতিগ্রস্ত হয়। ভাঙনের কারণে ঝুঁকির মুখে শহর ও শহরের বাইরে অবস্থিত সরকারি-বেসরকারি বহু স্থাপনা।
সৈকতে বালুভর্তি জিও টিউব বসিয়ে সমুদ্রের ভাঙন ঠেকানোর ব্যর্থ চেষ্টা অব্যাহত রেখেছে পাউবো। একনেকের অনুমোদন পেলে শহরের দরিয়ানগর পয়েন্ট সৈকত থেকে নাজিরারটেক-এয়ারপোর্ট হয়ে নুনিয়াছড়া পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। এ কাজে খরচ হবে প্রায় ৩ হাজার ১৪০ কোটি টাকা।
পাউবোর প্রকৌশলী-বিশেষজ্ঞরা এই বাঁধ নিয়ে অনেক আশাবাদী। তবে প্রকল্পটি নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের পরিবেশবাদী সংগঠনের নেতারা।
আষাঢ়-শ্রাবণের জোয়ারের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে ভাদ্রের জোয়ারের জন্য তৈরি হওয়ার কোনো আলামত নজরে আসেনি। ইতিমধ্যে ভাদ্রের জোয়ারের আগমনী বার্তা শোনা যাচ্ছে। ঝড়-বৃষ্টির সপ্তাহ শুরু হয়েছে।
সেপ্টেম্বরের ১০ তারিখে ভাদুরে পূর্ণিমা। সেদিন চট্টগ্রামে জোয়ারের সর্বোচ্চ উচ্চতা হবে স্বাভাবিকের (১০ দশমিক ৫ ফুট) চেয়ে সাড়ে ৪ ফুট বেশি। অর্থাৎ ১৫ ফুট। খুলনায় ১১ ফুট (স্বাভাবিক ৯ ফুট)। বরগুনায় হবে ৭ ফুটের জায়গায় ১১ ফুট (সূত্র: টাইড ফোরকাস্ট ডটকম)।
ভাদ্রের জোয়ারের তেজ নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের গাফিলতি ও অপ্রস্তুতিতে এই তেজ যেন অসীম হয়ে উঠেছে।
রুগ্ণ-ক্ষয়িষ্ণুপ্রায় পরিত্যক্ত বাঁধ, বেড়িবাঁধ, স্লুইসগেট উপচে জনপদে ঢুকে পড়ছে সাগরের লোনাপানি। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে উপকূলের মানুষ।
সব জোয়ারে টিকে থাকার মতো করেই বাঁধ বানাতে হবে। পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক ২০২০ সালের জুলাইয়ে জানিয়েছিলেন, দেশের ২২টি জেলায় ৫৪টি ভাঙনপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। তিনি বলেছিলেন, এসব এলাকায় স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতার হাত থেকে, নদীভাঙন থেকে রক্ষা পাবে। মানুষ সেই আশ্বাসের স্বচ্ছ বাস্তবায়ন আশা করে।
গওহার নঈম ওয়ারা: লেখক ও গবেষক
ই-মেইল: nayeem5508@gmail.com