হঠাৎ গরম কেন, থাকবে কদিন

আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

ভর বর্ষায় দেশে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। জুলাই ও আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি হয়েছে কম। তবে গত সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছে আশানুরূপ। আর অক্টোবরের শুরু থেকে বৃষ্টি হয়েছে দেশজুড়ে।

এতে কমতে থাকে তাপমাত্রা। তবে দুই দিন ধরে গরম বেড়েছে। দেশের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬–এর নিচে থাকছে না। আর গতকাল শনিবার রাতে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গরমের এ অনুভূতি থাকবে আরও দুই সপ্তাহের বেশি সময় ধরে।

হঠাৎ এমন গরম কেন, এর পেছনে কিছু কারণও তুলে ধরেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান। তিনি বলেন, মেঘমুক্ত আকাশ থাকার ফলে সূর্যের তাপ বেশি অনুভূত হচ্ছে। এখন মৌসুমি বায়ু প্রবাহিত হলেও বায়ুর যে গতি থাকা দরকার, তা নেই।

সেটিও গরম বেশি থাকার একটি কারণ। আবার দেশের স্থলভাগে পানি রয়েছে। এতে তাপ সৃষ্টির ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প জমা হচ্ছে এবং সেই তাপ ধারণক্ষমতাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। এসব কারণেই মূলত গরম বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, দেশের অনেক স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি থাকছে। রাজধানীতে গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

মো. আবদুল মান্নান বলেন, এমন পরিস্থিতি আরও দুই সপ্তাহ থাকতে পারে, যদি না হঠাৎ কোনো লঘুচাপ সৃষ্টির ফলে ব্যাপক পরিমাণ বৃষ্টি না ঝরে। তবে এ মাসের শেষ দিক থেকে তাপমাত্রা কমতে থাকবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থান রয়েছে।

আজ রোববার বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও রাজশাহীতে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, ৫১ মিলিমিটার।