আলংকারিক এক উদ্ভিদ

সম্প্রতি ঢাকার অদূরে পূর্বাচল আবাসিক এলাকা থেকে তোলা জাতসালপানি উদ্ভিদ
ছবি: লেখক

পূর্বাচল আবাসিক এলাকার প্রান্তিক স্থানগুলোয় প্রায়ই যাওয়া হয়। ঢাকার উত্তর-পূর্বে বিস্তৃত এই আবাসিক প্রকল্পের শেষ প্রান্তে উচ্চতার দিক থেকে অনেকটা গুল্মশ্রেণির কিছু উদ্ভিদ নিয়ে কোনোমতে টিকে থাকার চেষ্টা করছে সেখানকার ক্ষয়িষ্ণু বনটি। যা সুবিশাল আবাসনের তুলনায় অতি ক্ষুদ্র। কর্তৃপক্ষ বিষয়টি হয়তো এমনভাবে দেখছে যেÑ‘আপনারা দেখুন, আমরা অনেক চেষ্টা করে এখানে বনটির ধ্বংসাবশেষের কিছুটা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি’—এমন আত্মতৃপ্তিই তাদের একমাত্র ভরসা।

অথচ এখানকার মৃত্তিকার বুকে কান পাতলে শোনা যাবে, অজস্র উদ্ভিদের প্রাণ সংহারের আর্তচিৎকার। তাদের বেঁচে থাকার আকুতি। বাঁচতে চেয়েছিল তারা। থাকতে চেয়েছিল এই প্রিয় আবাসেই। অথচ করাত, কুড়াল আর যন্ত্রদানবের নিষ্ঠুর আঘাতে ছিন্নভিন্ন হয়েছিল প্রতিটি প্রাণ। বন ধ্বংস করা এই আবাসন নির্মাণযজ্ঞের হুকুমদাতাদের রক্তচক্ষু উপেক্ষা করে সেখানে এখনো জীবনের জয়গান গেয়ে চলেছে কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ। তারই একটি জাতসালপানি।

গত জানুয়ারি মাসে পূর্বাচলের উত্তর প্রান্তে একটি নালার পাশে গাছটি চোখে পড়ে। ধুলোমলিন, বিধ্বস্ত, ক্লান্ত আর হতবিহ্বল। আহা, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার কী আপ্রাণ চেষ্টা! একসময় এখানে হয়তো ওদের আস্ত একটি পরিবারই ছিল। এখন বিচ্ছিন্ন, খাপছাড়া। আবার যেকোনো সময় আগাছা (!) পরিষ্কারের নামে সমূলে উৎপাটনও হতে পারে। শালবনের এই উদ্ভিদ এখন সংখ্যায়ও বেশ কমেছে। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে জাতসালপানির সুদৃশ্য গাছ দেখেছি। গাজীপুরের শালবন ছাড়াও সিলেট, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে গাছটি দেখতে পাওয়ার রেকর্ড রয়েছে। এগুলোর ইংরেজি নাম Lagerstroemia thorelii। গাছটি দেখতে অনেকটাই ব্যতিক্রম। অগ্রভাগের রূপান্তরিত পাতাগুলো দেখতে বেশ নান্দনিক। তবে গোড়ার দিকের পাতাগুলো দেখলে মনেই হবে না একই গাছের আবার আগার দিকে এমন শৈল্পিক পাতা হতে পারে।

জাতসালপানি (Desmodium pulchellum) গুল্মশ্রেণির ঝোপাল উদ্ভিদ। এক থেকে দেড় মিটার পর্যন্ত উঁচু হতে পারে। শাখা সরু, গোলাকার, সূক্ষ্মভাবে বাদামি রঙের পালকে আবৃত। পত্রক বা পাতার মতো সবুজ রঙের হালকা অবয়ব আয়তাকার, ৫ থেকে ৮ সেন্টিমিটার লম্বা, প্রান্তীয় পত্রক সর্বাপেক্ষা বড়। গোড়ার দিকে গোলাকার, মাঝেমধে৵ আংশিক তরঙ্গায়িত। পত্রবৃন্ত ৫ থেকে ১০ মিলিমিটার লম্বা, দৃঢ়ভাবে পুরু, সবুজ, ওপরের পিঠ মসৃণ। পুষ্পমঞ্জরি ১০ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা, ১২ থেকে ৫০টি ফুলবিশিষ্ট, মঞ্জরিপত্র খানিকটা তির্যক, ১ থেকে ৩ সেন্টিমিটার লম্বা, পুষ্পবৃন্তিকা দেড় থেকে আড়াই সেন্টিমিটার লম্বা, পালকাবৃত। পুষ্পবিন্যাস ৮ থেকে ২৫ সেন্টিমিটার লম্বা, পাতার অক্ষে বা শাখার শেষে থাকে।

শুঁটি আয়তাকার, লোমযুক্ত এবং সাধারণত দুটি, কদাচিৎ এক বা তিন জোড়া যুক্ত। বৃতি প্রায় ২ মিলিমিটার লম্বা, দন্তক-বল্লমাকার ও নল অপেক্ষা ক্ষুদ্র। দলমণ্ডল ৫ থেকে ৭ মিলিমিটার লম্বা, ফলের সন্ধি কদাচিৎ একটি বা তিনটি, মসৃণ অথবা পালকাবৃত, প্রায় ১ মিলিমিটার লম্বা। ফুল ও ফলের মৌসুম মার্চ থেকে জুলাই মাস অবধি বিস্তৃত। বাংলাদেশ ছাড়াও এ গাছ ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় সহজলভ্য।

জাতসালপানির বাকলের ক্বাথ রক্তকোষ থেকে নির্গত শোণিত স্রাব, ডায়রিয়া ও চক্ষুরোগের চিকিৎসায় ব্যবহার্য। ফুল লিভার–সংক্রান্ত চিকিৎসায় কাজে লাগে। আলংকারিক উদ্ভিদ হিসেবে পার্ক, সড়ক বিভাজক ও পথপাশে এ গাছ রোপণ করা যেতে পারে। তাতে প্রজাতি সংরক্ষণের পাশাপাশি নান্দনিকতাও উপভোগ করা যাবে।

লেখক: প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক