
বিশ্বের ১০৭টি শহরের মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার অবস্থান ১৬তম। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ৭৪। বাতাসের এই মান ‘গ্রহণযোগ্য’ বা ‘মাঝারি’ মানের হিসেবে বিবেচনা করা হয়।
কয়েক দিন ধরে সকালের দিকে ঢাকার বায়ুর মান ছিল ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’। বাতাসের মানসূচকে গতকাল ঢাকার স্কোর ছিল ৫৪। বৃষ্টির কারণে বাতাসের মান অপেক্ষাকৃত ভালো ছিল গতকাল।
আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৫৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সৌদি আরবের রিয়াদ ও ব্রাজিলের সাও পাওলো। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৬ ও ১২৯।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।