
বায়ুদূষণে বিশ্বের ১০৬টি শহরের মধ্যে আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার অবস্থান সপ্তম।
আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ১২১। বাতাসের এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি। ছুটির দিনে ঢাকার সড়কে যান চলাচল অনেক কম থাকে। এ ছাড়া অনেক কলকারখানাও শুক্রবার বন্ধ থাকে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বায়ুদূষণে বিশ্বের ১০৭টি শহরের মধ্যে ঢাকা চতুর্থ অবস্থানে ছিল। ঢাকার স্কোর ছিল ১৫২। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আজ সকাল ৯টায় বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম তিন অবস্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতে দুবাই, ইন্দোনেশিয়ার জাকার্তা ও কাতারের দোহা।
একিউআই সূচকে দুবাইয়ের স্কোর ৫৬৩। জাকার্তা ও দোহার স্কোর যথাক্রমে ১৬৭ ও ১৬০। আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদ্রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুহার বেড়েছে। বায়ুদূষণে বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়।