দুই জেলায় শৈত্যপ্রবাহ, ঢাকাতেও তাপমাত্রা কমল

ফাইল ছবি
ছবি: প্রথম আলো

জানুয়ারি মাসের শেষ দিকে এসে তাপমাত্রা বেড়ে যাওয়ার পর ফেব্রুয়ারির শুরু থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জানুয়ারির শীতের প্রকোপটা গেছে বটে, তবে শীতের অনুভূতি রয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দুটি সপ্তাহ তাপমাত্রা বাড়া-কমার মধ্যে থাকবে। এরপর স্থায়ীভাবে তাপমাত্রা বাড়তে থাকবে।

দুই দিন ধরে শীত বাড়ছে। গতকাল বৃহস্পতিবারের চেয়ে আজ শুক্রবার দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাতেও তাপমাত্রা খানিকটা কমবে বলেই জানিয়েছে অধিদপ্তর।

গত সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা ও এর কাছাকাছি এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছিল। এর জেরে রাজধানীসহ ঢাকার আকাশ মেঘলা ছিল গত রোববার। এর পর থেকেই শীত বড়তে শুরু করেছে নতুন করে।

আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার কাছাকাছি এলাকায় থাকা নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীকালে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজের রহমান আজ প্রথম আলোকে বলেন, তাপমাত্রা সামান্য কমতে পারে। তাতে শীতের অনুভূতি প্রায় একই রকম থাকবে। হাফিজের রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা কমেছে। তবে শৈত্যপ্রবাহের এলাকা আর বাড়বে না বলেই জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়লেও ঢাকায় আজ গতকালের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।

গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।