টানা দ্বিতীয় দিন ‘দুর্যোগর্পূণ’ বায়ু নিয়ে ঢাকা দূষণের শীর্ষে

রাজধানীতে বায়ু দূষণ
ফাইল ছবি

দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে দুই দিন কাটাচ্ছে নগরবাসী। ঢাকার বায়ু আজ শনিবারও দুর্যোগপূর্ণ। টানা দুই দিন এ অবস্থা নিয়ে বায়ুদূষণে শীর্ষে আছে ঢাকা। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আজ সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩৩০। আজ তালিকার দ্বিতীয় স্থানে আছে ঘানার আক্রা, স্কোর ৩১৪। তৃতীয় স্থানে আছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ২২৩।

একিউআই স্কোরে আজ সকাল সাড়ে ৯টায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১। ১৯৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি আছে পঞ্চমে। এরপরে আছে পাকিস্তানের করাচি, স্কোর ১৯১ ও ভারতের মুম্বাই, স্কোর ১৮৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।