আবাসিক পাখি

মায়ের আদর পায় না যারা

বাচ্চাসহ জলময়ূরের ছবি কুষ্টিয়ার পদ্মার চর জয়েনপুর থেকে তুলেছেন এস আই সোহেল।
বাচ্চাসহ জলময়ূরের ছবি কুষ্টিয়ার পদ্মার চর জয়েনপুর থেকে তুলেছেন এস আই সোহেল।

উঁচু ভিটে জমিটার এক পাশে পানের বরজ। বরজটা থেকে ফুট সাতেক দূরে, এক টুকরা উঁচু মতো জায়গায় ডিম বুকে বাসায় বসে আছে পাখিটি। চোখে যেন ঝিমুনি। লম্বাটে ঠোঁটটির আগা মাটিতে রেখে, ওই ঠোঁটের ওপরেই মাথার ওজনটা রেখেছে, পিটপিট করে তাকাচ্ছে মাঝেমধ্যে।

চাহনিতে যেন দুশ্চিন্তার ছাপ। বউটি তাকে ছেড়ে চলে গেছে অন্য কোনো প্রেমিকের কাছে—এক প্রেমিকে তার মন ভরে না! খুব সুন্দরী তো! অথচ দুজনে মিলে পেছন দিকের জলাভূমিটাতে, ঘাসবন-কাশবনে ও ধানবনে কতই না ভালোবাসাবাসি করেছিল! রূপবতী প্রেমিকাকে পটাতে হয়েছিল পাখা ফুলিয়ে-দুলিয়ে আর ঘুরে ঘুরে নৃত্যগীত করে।

এরপরে দুজনে মিলেই এই জায়গাটাতে ঘাস-লতা, ধানের ডাঁটি দিয়ে স্বপ্নের বাসাটি বেঁধেছিল। বউটি মোট চারটি হলুদাভ ডিম পাড়ল, তারপরে কেটে পড়ল! এখন তাকেই ডিমে তা দিতে হচ্ছে। মোট ১৯–২০ দিন তা দিলে ছানা ফুটবে। ছানারা পিলপিল পায়ে হাঁটতে পারলেই একটি একটি করে ছানাকে নিয়ে সরিয়ে রেখে আসতে হবে জলাভূমিটার কিনারায় নিরাপদ ঝোপঝাড়ে। চারটি ছানাকে নেওয়ার পরে ওদের নিয়ে চরতে হবে। বড় করতে হবে। এ যে বড় কঠিন দায়িত্ব। এই ছানারা মায়ের আদর-সোহাগ ও বুকের উত্তাপ পাবে না কোনো দিন!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে শাপলা পাতায় জলপিপির ছানা

রঙিলা চ্যাগা, কুনাল চ্যাগা, বৈরাগী চ্যাগা নামে পরিচিত এরা খুলনা-বাগেরহাটে। এদের চালচলনে যেমন আছে একটা বৈরাগ্য ভাব, তেমনি মেয়ে-পুরুষ উভয়েরই কপাল থেকে মাথার তালু হয়ে ঘাড়ের মাঝবরাবর পর্যন্ত বৈরাগীদের সাদা তিলকের মতো সাদা রঙের টান আছে। বিরল আবাসিক এই পাখির ইংরেজি নাম Greater painted snipe। বৈজ্ঞানিক নাম Rostratula benghalensis। দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার। ওজন ৯০-২০০ গ্রাম। মেয়েটি যেমন পুরুষের চেয়ে রংচঙা হয়, তেমনি আকার–ওজনেও পুরুষের চেয়ে বড় এবং ভারী হয়। মেয়েটির চমৎকার গড়নের চওড়া দু-খানা পাখার উপরিভাগটা জলপাই-বাদামি ও সবুজ রঙের মিশ্রণে কারুকাজমণ্ডিত, বিচিত্র নকশা যেন আঁকা—মনে হবে কোনো চিত্রশিল্পীর তুলিতে রাঙানো ধ্রুপদি শিল্পকর্ম। উড়ন্ত অবস্থায় সূর্যের আলো সরাসরি পিঠ-পাখায় পড়লে আলো যেন ঝলকায়, প্রতিফলিত হয়। মেয়েটির চিবুক-গলা-ঘাড় গাঢ় খয়েরি। সত্যিই সে অপরূপ সুন্দরী।

এই পাখিদের ছানারা পায় না মায়ের আদর-ভালবাসা। বাবাকেই ডিমে তা দিতে হয়, লালন–পালন করতে হয়। মধুমাখা নাম ‘মা’–এর অর্থ কী জানে না হতভাগা ছানারা!

হতভাগা এই ছানাদের মতো আমাদের আছে আরও তিনটি আবাসিক পাখি, তাদের ছানারাও মায়ের আদর পায় না। জলাভূমির অতি সুন্দর পাখি জলময়ূর বা পদ্মপিপি, জলপিপি বা ভিলভিলে, নাগরবাটোই বা বুনোকোয়েল।

জলময়ূর ও জলপিপি জলাভূমির পাখি। নাগরবাটোই খোলা শুকনো মাঠের পাখি। এদের সবারই ডিম হয় চারটি করে। সবারই বাসা বাঁধার মৌসুম মে-অক্টোবর মাস। সবারই বউ ডিম পাড়ার পরে স্বামীকে রেখে কেটে পড়ে। কেউ কেউ নতুন নাগর জুটিয়ে আবারও সংসার পাতে। এই চারটি পাখির মধ্যে সবচেয়ে বেশি চতুর-চঞ্চল পাখি হলো নাগরবাটোই।

প্রথম আলোর উদ্যোগে ২০০৯ সালে আমি, আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, সাংবাদিক ইফতেখার মাহমুদসহ কয়েকজন তিন দিনের ‘পাখি ও প্রকৃতি’ ভ্রমণে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে গিয়েছিলাম। ফেনী সীমান্তের কাঁটাতারের বেড়ার এ পাশের একটি বাড়ির পেছনে আমি নাগরবাটোইয়ের চারটি পিচ্চি ছানাসহ একটি বাবা পাখিকে দেখেছিলাম। অনিবার্য কারণে ছবি তোলা সম্ভব হয়নি।

শরীফ খান, পাখি ও বন্য প্রাণিবিষয়ক লেখক