শ্রমিক আন্দোলনে ইন্ধন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ভিডিও ফুটেজের মাধ্যমে যা পাওয়া যাচ্ছে, তার প্রায়গুলোই বিএনপির কর্মী। কুষ্টিয়ার একজন নেতা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের উৎসাহ দিচ্ছিলেন।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে তৈরি পোশাকশিল্পে বিদ্যমান অস্থিরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘সবচেয়ে প্রণিধানযোগ্য যে জিনিসগুলো, আমরা যেগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে পাচ্ছি, এগুলোর প্রায়গুলোই বিএনপির অ্যাকটিভিস্ট। আমরা দেখেছি, কুষ্টিয়ার একজন নেতা কোনাবাড়ীতে (গাজীপুরের কোনাবাড়ী) এসে তাঁদের (শ্রমিক) উৎসাহ দিচ্ছিলেন, তাঁদের ঐক্যবদ্ধ করছিলেন। এ রকম বিভিন্ন স্থানে যেগুলো ক্যামেরাবন্দী হয়েছে এবং যাঁদের আমরা ধরতে পেরেছি, তাঁরা সবাই বিএনপির কর্মী বলে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে। তাঁরাই এই নিরীহ শ্রমিকদের উসকে দিচ্ছেন। তাঁদের জড়ো করছেন। সর্বক্ষেত্রে ফেল করে এই জায়গায় সফলতা পাওয়া যায় কি না, তারই হয়তো একটা ব্যবস্থা তাঁরা করতে চাইছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি ৫৬ শতাংশ বাড়িয়েছেন। ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। অনেকের মনে সংশয় আছে, দ্বিধা আছে, এ রকম শোনা যাচ্ছে। মালিকপক্ষ নিশ্চয়ই এগুলোর সমাধান করবে, তারা তো ব্যবসা-বাণিজ্য করবে। সমাধান করার ক্ষেত্রটি আগুন নয়, সমাধান করার ক্ষেত্রটি ভাঙচুর নয়, সমাধান করার ক্ষেত্র রাস্তা অবরোধ করা নয় বলে মন্তব্য করেন তিনি।

মজুরির বিষয়ে আরও কোনো দাবি থাকলে শ্রমিকেরা বিজিএমইএর নেতাদের সঙ্গে বসে ফয়সালা করতে পারতেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটি না করে তাঁরা এসব করলে নিজেদের যেমন ক্ষতি হয়, দেশেরও ক্ষতি হচ্ছে, এটা তাঁদের চিন্তা করা উচিত।

তার মানে শ্রমিক আন্দোলনে ইন্ধন রয়েছে, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই ইন্ধন আছে, আমরা সেটিই বলছি যে ইন্ধন রয়েছে।’

এক সাংবাদিক জানতে চান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দুটি বিষয়ে বলেছেন, একটি হলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আরেকটি হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার কথা বলেছেন। এ বিষয়ে কী বলবেন?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমত হলো রাজনৈতিক প্রতিহিংসা যাঁরা করছেন, সেই দলের চেয়ারপারসন হলেন খালেদা জিয়া। ২৮ অক্টোবর কী কর্মকাণ্ড করলেন? একজন পুলিশকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছেন। ১০১ জন পুলিশকে আহত করেছেন, সাংবাদিকেরাও বাদ যাননি। বাসে হেলপার ঘুমিয়েছিলেন, সেটিও পুড়িয়ে দিয়ে তাঁকে হত্যা করেছেন। নিরাপত্তা বাহিনী যেখানে বাধা দিচ্ছে, সেখানে তাদের ওপর চড়াও হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, তাদের (জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার) তথ্যে কিছু ভুল আছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুটি মামলায় সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী তাঁর সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। বিদেশে থেকে প্রখ্যাত বিশেষজ্ঞদের আনা হয়েছে, সরকারও তাঁদের আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন। কাজেই চিকিৎসার ঘাটতি হচ্ছে বলে তিনি মনে করেন না।

কিছুদিন পর নির্বাচনের তফসিল হবে, নির্বাচনও কাছে চলে এসেছে, এই অবস্থায় অবরোধ দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক আছে। এভাবেই চলতে থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, তাদের চরিত্রই এ রকম। তারা সন্ত্রাস করে, ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, তারা এসব কর্মকাণ্ড করে। তারাই আবার নতুন করে এগুলো করছে। নির্বাচন কমিশন সময়মতো নির্বাচনের ডাক দেবে, সবাই অংশ নেবে, এটাই জনগণের প্রত্যাশা।

সংবিধানে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোনো সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাজেই সরকার পরিবর্তন করতে চাইলে তাদের (বিএনপি) নির্বাচনে আসতে হবে। যাঁরা অগ্নিসংযোগ করছেন, নিরাপত্তা বাহিনী তাঁদের খুঁজে খুঁজে বের করছে। জনগণও সজাগ হয়েছে। জনগণও তাঁদের ধরিয়ে দিচ্ছে। জনগণ যখন ঘুরে দাঁড়াবে, তখন স্বয়ংক্রিয়ভাবে এগুলো বন্ধ হয়ে যাবে।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা কারাগারে আছেন, নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, এই অবস্থা চলতে থাকলে তাঁরা নির্বাচনে আসবেন কি না—এমন প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনে আসবেন কি, আসবেন না, এটি তাঁদের এখতিয়ার। জ্যেষ্ঠ নেতাদের কাউকে ধরা হয়নি যে পর্যন্ত না এসব লঙ্কাকাণ্ড ঘটে গেছে।